কোনোকিছু না জানিয়ে ভারতের ৯ উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ছাড়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২৪ জানুয়ারি) এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিষয়টি বিদ্যুৎ উন্নন বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানিয়েছে রামপাল তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সকালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ডাইনিং টেবিলে ওই কর্মকর্তাদের না পেয়ে কর্তৃপক্ষ সন্ধান শুরু করে। এসব কর্মকর্তা হলেন– ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) থেকে প্রেষণে রামপাল বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ পাওয়া জিএম সিউজ প্রতীক বর্মন, বিশ্বজিৎ মন্ডল, এন সূর্যপ্রকাশ রায়, এজিএম কেসাবা পলাকী, পাপ্পু লাল মিনা, ডিজিএম সূর্যকান্ত মন্দেকার, সুরেন্দ্র লম্বা, অর্নিবাণ সাহা এবং সিএফও ইমানুয়েল পনরাজ দেবরাজ।
সূত্র জানায়, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে গিয়েছেন এই ৯ কর্মকর্তা। পরে প্রকল্প পরিচালক রামানাথ পুজারী তাদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেছেন, নিরাপত্তাহীনতার কারণে তারা বাংলাদেশ ছেড়েছেন।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম জানান, ডাইনিংয়ে তাদের না পেয়ে খোঁজ করলে জানা যায়, অনুমতি ছাড়াই চুপিসারে ৯ কর্মকর্তা ভারতে চলে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের চলে যাওয়ার কারণকে আরও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
জানা গেছে, প্ল্যান্ট এলাকায় সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ চার স্তরের কঠোর নিরাপত্তা থাকার পরও ভারতীয়দের নিরাপত্তাহীনতার অভিযোগের কারণ জানা যায়নি। তারা বাংলাদেশ ছাড়ার আগেও কখনো এ বিষয়ে কোনো অভিযোগ করেননি।
/ইউএমএইচ