প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১০:০১ এএম
ঘন কুয়াশা উপেক্ষা করে কাজে যাচ্ছেন একজন শ্রমজীবী। ছবি : সময়ের আলোকয়েকদিন ঝলমলে রোদের পর পঞ্চগড়ে ফের বেড়েছে কুয়াশা। তবে ঘন কুয়াশা থাকলেও শীতের তীব্রতা অনেকটাই কম। আবহাওয়া দফতর বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার এই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে এ বছর।
শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়ার ফলে জেলাজুড়ে তেমন শৈত্যপ্রবাহ নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শুক্রবার ভোর থেকেই পুরো জেলা ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। এর সঙ্গে বইছে মৃদু হিমেল বাতাস। কুয়াশার কারণে সড়কগুলোতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। কয়েকদিন টানা রোদ থাকার পর হঠাৎ কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় জনজীবনে কিছুটা স্থবিরতা এলেও থেমে নেই শ্রমজীবী মানুষের জীবনযুদ্ধ।
স্থানীয় বাসিন্দা হানিফ আলী বলেন, কয়েকদিন তো সকাল থেকেই কড়া রোদ ছিল। আজ আবার হঠাৎ খুব কুয়াশা। ঠান্ডা বাতাস থাকলেও আগের মতো কনকনে শীত নেই।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েকদিন সকালে সূর্য দেখা গেলেও আজ আবার কুয়াশায় ঢাকা পড়েছে এ অঞ্চল। জলবায়ু পরিবর্তনের কারণেই আবহাওয়ার এমন আচরণ লক্ষ্য করা যাচ্ছে। তবে বর্তমানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। রাতের দিকে হালকা শীত অনুভূত হলেও দিনে আবহাওয়া বেশ উষ্ণ ও মনোরম থাকছে।
সময়ের আলো/আআ