হঠাৎ যেন সময়ের কাঁটা উল্টো দিকে ঘুরেছে। না, কোনো টাইম মেশিনে চড়ে সত্যিই অতীতে যাননি শবনম বুবলী। তবু তার সাম্প্রতিক লুক দেখে অনেকেরই মনে হচ্ছে, তিনি যেন পাড়ি জমিয়েছেন আজ থেকে ৫০-৬০ বছর পেছনের রুপালি পর্দায়। ভক্তদের ভাষায়, ‘এ তো একেবারে ষাটের দশকের নায়িকা!’
সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বুবলী প্রকাশ করেন কয়েকটি ছবি, যেখানে তাকে দেখা যায় ষাটের দশকের নায়িকাদের আদলে সাজানো এক ভিনটেজ লুকে। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, ‘আভিজাত্যই সেই সৌন্দর্য, যা কখনও ম্লান হয় না।’ আর এই একটি লাইন যেন পুরো লুকের আবহটাই বুঝিয়ে দেয়।
ছবি প্রকাশের পরপরই নেটদুনিয়ায় পড়ে যায় হইচই। মন্তব্যের ঘর ভরে ওঠে প্রশংসা আর বিস্ময়ে। কেউ লিখেছেন, ‘দেখতে একেবারে ৬০-এর দশকের ববিতা ম্যামের মতো!’ আবার কারও মন্তব্য, ‘মানুষের সৌন্দর্য প্রকাশ পায় চরিত্রে।’ একজন তো সরাসরি বলেই ফেলেছেন, ‘বুবলী আমার ক্রাশ। বয়স যেন দিন দিন কমছে!’
তবে সমালোচনাও থেমে নেই। একজন মন্তব্য করেন, ‘কোনও সংসারে তৃতীয় ব্যক্তি ফেরেশতা হলেও আমি তাকে ঘৃণা করি। বুবলির কারণে শাকিব খানকে দেখলে বিরক্ত লাগে, তার সিনেমাও দেখি না। বুবলির কারণে অপু বিশ্বাসকে ভালো লাগে।’
এই লুকের পেছনের রহস্য খুঁজতে গিয়ে জানা যায়- একটি চুলের তেলের বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েই এই বিশেষ সাজে ধরা দিয়েছেন বুবলী। সাদা জমিনে ম্যাজেন্টা বল প্রিন্টের শাড়ি, একই রঙের হাফ হাতা ব্লাউজ আর ফিতায় বাঁধা ষাটের দশকের হেয়ারস্টাইল- সব মিলিয়ে যেন অন্য এক বুবলী। মতভেদ থাকলেও, প্রশংসার ঢেউয়ে ভাসছেন তিনি- এ নিয়ে সন্দেহ নেই।
সময়ের আলো/জেডআই