সিলেটে দশম গ্রেডের দাবিতে আন্দোলনরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সঙ্গে সেনাবাহিনীর একটি দলের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে মঙ্গলবার এ ঘটনা ঘটে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা নগরীর চৌহাট্টায় সড়ক অবরোধ করে নিজেদের দাবির পক্ষে আন্দোলন কর্মসূচি করে।
পৌনে ১২টার দিকে সেনাবাহিনীর একটি দল তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার দাবি করেন।
সেনাবাহিনীর সদস্যরা সরে গেলে ফের চৌহাট্টা সড়কের এক পাশ অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে বেলা পৌনে ১টার দিকে আন্দোলনরতদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। এখন এলাকার পরিস্থিতি শান্ত।
এদিকে বিক্ষোভকারীরা বলেন, ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিসিএস ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের সিধান্ত এটি অনুপযোগী। এসব সিদ্ধান্তকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বৈষম্যমূলক বলে দাবি করেন তারা।
সময়ের আলো/জোআই/