এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদী থেকে ২৭ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সীর হাট এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।
হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শওকত আলী মৃত ডলফিনটির সুরতহাল রিপোর্ট তৈরির পর জানান, উদ্ধার করা ডলফিনটির দৈর্ঘ্য ৪ ফুট ২ ইঞ্চি এবং প্রস্থ ১ ফুট। এর ওজন প্রায় ২৭ কেজি এবং আনুমানিক বয়স ২-৩ বছর হতে পারে।
৩-৪ দিন আগে এটি জালে আটকে পড়ে বা শক্ত বস্তুর সঙ্গে আঘাত পেয়ে মারা গিয়ে থাকতে পারে। তবে এটির শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হালদা নদীর মারাত্মক দূষণ, ইঞ্জিতচালিত ড্রেজারের অবৈধ প্রবেশ এবং অবৈধ জালের কারণে হালদা নদীতে ডলফিন বা শুশুকের মৃত্যুর পরিমাণ বাড়ছে যা হালদা নদীর জীববৈচিত্র্যের জন্য হুমকি। উদ্ধার করা মৃত ডলফিনটি হালদা পাড়ে মাটিচাপা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, হালদা নদীতে স্থানীয়রা একটি মৃত ডলফিন ভাসতে দেখেন। পরে নদীর হাটহাজারী অংশের পাহারাদার মো. আলমগীর মদুনাঘাট এলাকার দিক থেকে জোয়ারের পানিতে ভেসে আসা মৃত ডলফিনটি উদ্ধার করেন।
সময়ের আলো/কেএইচও