চাঁদপুরের মতলব উত্তরে অভিযান চালিয়ে আলোচিত ‘বেজি’ সুজনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) মতলব উত্তরের পশ্চিম ফতেপুর ইউনিয়নের কাজীকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার সুজন ছেঙ্গারচর পৌরসভার আদুরভিটি গ্রামের মৃত আমর আলী মিস্ত্রির ছেলে।
পুলিশ জানায়, ‘বেজি’ সুজনকে গ্রেফতারে কাজীকান্দি এলাকায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে একটি বসতবাড়ির দোচালা কাঠের ঘরের ভেতর চৌকির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। সুজন নিজের হাতে অস্ত্রগুলো বের করে দেয়।
এ সময় তার সহযোগী লিমন (৩০) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। লিমন কাজীকান্দি এলাকার আবুল হোসেন খানের ছেলে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান জানান, এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামির বিরুদ্ধে মতলব উত্তর থানায় অস্ত্র আইনে মামলা (মামলা নং-২৬/২০২৬) করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখতে অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এফআর