বাংলাদেশের জাতীয় নির্বাচন ‘সফলভাবে’ সম্পন্ন হওয়ায় বাংলাদেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি। এসময় তিনি বিএনপির বিজয়ের জন্যে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তারেক রহমানকে ট্যাগ করে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
পোস্টে নেপালের প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় আমি বাংলাদেশের সরকার ও জনগণকে উষ্ণ অভিনন্দন জানাই।
নির্বাচনে বিএনপির অসাধারণ বিজয়ের কথা উল্লেখ করে তিনি জানান, আমি তারেক রহমানকে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) একটি অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাই।
দুই দেশের প্রতিবেশীসুলভ সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও জানান, আমাদের প্রতিবেশীসুলভ সম্পর্ককে আরো সুদৃঢ় করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোয় সহযোগিতা একীভূত করতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।
সময়ের আলো/কেএইচও