ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির নেতাকর্মীরা জামায়াতের কর্মী সমর্থকদের চারটি বাড়ি, দুটি ব্যবসা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন জামায়াত অফিসে হামলা চালিয়েছে। এই ঘটনায় দুই নারী আহত হয়েছেন।
দুই বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতের এ হামলার ঘটনায় শনিবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে জামায়াতের কর্মী জহিরুল ইসলাম দুলাল বাদী হয়ে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান কালামকে প্রধান আসামী করে ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলায় বলা হয়েছে, বিএনপি নেতাকর্মীরা পাটিখালঘাটার বিভিন্ন স্থানে ভাঙচুর চালিয়েছে। সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ এবং তার ভাই কামাল জমাদ্দারের বাড়িতে হামলা করা হয় এবং হারুন অর রশিদের কুড়ের কুট আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই হামলায় কামাল জমাদ্দারের স্ত্রী রানু বেগম ও মেয়ে সাবিনা আহত হন।
এছাড়া মোস্তফা মাস্টার ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রিপনের বাড়িতেও ভাঙচুর হয়। পাটিখালঘাটা বাজারের দুলালের ফার্মেসি এবং আব্দুর রবের চায়ের দোকানেও হামলা চালানো হয়। ইউনিয়ন জামায়াত অফিসেও হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
পুলিশ পাটিখালঘাটা ইউনিয়নের বিএনপি সভাপতি মো. ফুয়াদ জমাদ্দার এবং ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেফতার করেছে।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান জানান, মামলার তদন্ত চলমান এবং বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সময়ের আলো/আরবিএন