সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক সুনেরাহ বিনতে কামালের। বড় পর্দার পাশাপাশি কাজ করেন ছোটপর্দায়। তার অভিনীত নাটকগুলো বরাবরই দর্শক মহলে সাড়া ফেলে। সেই ধারাবাহিকতায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটক ‘পরমা সুন্দরী’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ। তার বিপরীতে রয়েছেন আরশ খান। ইশতিয়াক আহমেদের কাহিনিতে নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ।
আরশ-সুনেরাহ ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, ইমেল হক, আয়েশা সিদ্দিকা, এসএইচ মামুন, মুন্না খান, রেজাউল ইসলাম বিয়াজ, জাবেদ গাজী প্রমুখ। প্রচারে আসার পর প্রশংসায় ভাসছে নাটকটি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এই প্রতিবেদন লেখা পর্যন্ত গত এক সপ্তাহে ‘পরমা সুন্দরী’ উপভোগ করেছেন প্রায় ২৫ লাখ দর্শক।
নাটকটি প্রসঙ্গে সুনেরাহ বলেন, এর আগেও আমি মোহন আহমেদের পরিচালনায় একটি নাটকে কাজ করেছিলাম। সেটি থেকে বেশ ভালো সাড়া পেয়েছি। তাই বিশ্বাস ছিল এ নাটকটিও দর্শক আগ্রহে থাকবে। সমকালীন জীবনধারাকে কেন্দ্র করে গল্পটি এগিয়েছে, ফলে চরিত্রগুলোর মধ্যে চেনা মানুষের ছায়া খুঁজে পাওয়া যাবে। কাহিনির ঘটনাগুলোও দর্শকের কাছে অচেনা বা অবাস্তব মনে হবে না। নাটকটি নিয়ে ভালো সাড়া পাচ্ছি। কাজটি নিয়ে ভক্ত-শুভাকাক্সক্ষীদের পাশাপাশি সহকর্মীরাও প্রশংসা করছেন।
অভিনেতা আরশ খান জানান, দর্শকের ভালো লাগা ও মন্দ লাগার বিষয় মাথায় রেখেই ‘পরমা সুন্দরী’ নির্মাণ করা হয়েছে। এর গল্প ও উপস্থাপনায় নিজস্ব একটি ধরন আছে, যা সহজেই দর্শকের মনে দাগ কাটে। দর্শকদের ভালো প্রতিক্রিয়া পাচ্ছি।
এর আগেও আরশ খান ও সুনেরাহ জুটির নাটক জনপ্রিয়তা পেয়েছে। তাদের আলোচিত নাটকের মধ্যে রয়েছেÑ ‘একজন অন্তর্বর্তীকালীন প্রেমিকা’, ‘কাপল’, ‘৭ দিনের প্রেম’, ‘প্রজাপতি মন’, ‘পাগল প্রেম’, ‘আঁতকা’, ‘সিম্প্যাথি’, ‘হৃদয়ে ফাগুন’, ‘আমি তুমি, তুমি আমি’, ‘শ্যাওলা ফুল’, ‘ফিরে আসা ভালোবাসা’ ইত্যাদি।
নাটক নিয়ে আরশ খান ব্যস্ত সময় পার করলেও সুনেরাহ কাজ করছেন সিনেমায়ও। তানিম রহমান অংশু পরিচালিত নতুন একটি সিনেমার শুটিং করেছেন তিনি। শেষ করেছেন আরাফাত মহসিন নিধি পরিচালিত একটি সিরিজের শুটিং। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। অন্যদিকে নভেম্বর মাস থেকে প্রচার শুরু হয়েছে সুনেরাহর প্রথম ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’।
‘ন’ডরাই’ সিনেমা দিয়েই ২০১৯ সালে অভিনয়ে আসেন সুনেরাহ। সিনেমাটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জেতেন তিনি। এরপর ওটিটি, সিনেমা ও টিভি নাটকে নিয়মিত কাজ করছেন অভিনেত্রী।
এফআর