গানের প্লেলিস্ট সাজাতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করার দিন বোধহয় এবার শেষ হতে চলল। এখন আপনার মনের ভাব বা স্রেফ একটি ছোট নির্দেশই যথেষ্ট, বাকি কাজটুকু করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব মিউজিক নিয়ে এসেছে এমনই এক ফিচার।
প্রতিটি মুহূর্তের জন্য আলাদা করে গান খুঁজে প্লেলিস্ট বানানো বেশ ঝক্কির কাজ। ব্যবহারকারীদের এই পরিশ্রম লাঘব করতেই ইউটিউব নিয়ে এসেছে এআইচালিত প্লেলিস্ট তৈরির টুল। এখন থেকে ব্যবহারকারীরা কী ধরনের গান শুনতে চান, তা স্রেফ কয়েকটা শব্দে লিখে বা মুখে বললেই ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে একটি ব্যক্তিগত প্লেলিস্ট তৈরি করে দেবে। আপাতত আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মের ইউটিউব প্রিমিয়াম গ্রাহকরা পর্যায়ক্রমে এই সুবিধাটি পাচ্ছেন।
ইউটিউবের মতে, এটি কেবল একটি সাধারণ আপডেট নয়, বরং ব্যবহারকারীর গান শোনার অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত এবং দ্রুত করার একটি প্রয়াস। গত বছরের জুলাইয়ে ইউটিউব পরীক্ষামূলকভাবে একটি টুল এনেছিল যা দিয়ে ব্যবহারকারীরা নিজস্ব রেডিও স্টেশন তৈরি করতে পারতেন। বর্তমানের এই এআই প্লেলিস্ট জেনারেটরটি সেই ধারণারই আরও উন্নত ও পরিশীলিত সংস্করণ।
যেভাবে কাজ করবে এই টুল
ইউটিউব অ্যাপের ‘লাইব্রেরি’ ট্যাবে যেতে হবে। সেখানে ‘নিউ’ বাটনে ট্যাপ করে ‘এআই প্লেলিস্ট’ অপশনটি বেছে নিতে হবে। এরপর আপনার পছন্দ অনুযায়ী নির্দেশনা দিতে হবে। যেমন, বৃষ্টির রাতের মন খারাপের গান বা ভোরবেলার ইয়োগার জন্য শান্ত সুর। কয়েক সেকেন্ডের মধ্যেই বর্ণনার ভিত্তিতে তৈরি হয়ে যাবে প্লেলিস্ট।
বর্তমানে গুগলের কাছে সাবস্ক্রিপশন-ভিত্তিক সেবাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চলতি মাসের তথ্য অনুযায়ী, গুগল ওয়ান এবং ইউটিউব প্রিমিয়াম মিলিয়ে তাদের অর্থ প্রদানকারী গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩২ কোটি ৫০ লাখে।
গ্রাহকদের এই বিশাল সংখ্যাকে ধরে রাখতে এবং আরও নতুন গ্রাহক আকর্ষণ করতেই ইউটিউব প্রিমিয়ামে এই বিশেষ এআই ফিচার যুক্ত করা হয়েছে।
আগে যেখানে হাজারো গান ঘেঁটে পছন্দের সুর খুঁজে নিতে হতো, সেখানে এখন এআই ‘মুড’ বুঝে কয়েক সেকেন্ডে গান সাজিয়ে দিচ্ছে। প্রযুক্তির এই ছোঁয়া গান শোনার আনন্দকে যে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে, তাতে কোনো সন্দেহ নেই।
সময়ের আলো/এনএ