ফেসবুক প্রোফাইলে নিজের স্থির ছবি দেখে কি মাঝে মাঝে একঘেয়ে লাগে? এবার সেই স্থির ছবিতেই প্রাণ সঞ্চার করতে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ব্যবহারকারীদের সৃজনশীলতাকে নতুন মাত্রা দিতে মেটা নিয়ে এসেছে এআইচালিত অ্যানিমেটেড প্রোফাইল পিকচার এবং ‘রিস্টাইল’ টুল।
এতদিন প্রোফাইল পিকচার মানেই ছিল একটি স্থির চিত্র। কিন্তু মেটা এআইয়ের কল্যাণে এখন সেই সাধারণ ছবিই হয়ে উঠবে জীবন্ত! নতুন এই ফিচারের মাধ্যমে স্থির ছবিতে যুক্ত করা যাবে মোশন ইফেক্ট। এর ফলে ব্যবহারকারীর প্রোফাইল ছবিতে হাত নাড়াতে, হার্ট শেপ তৈরি করতে কিংবা ভার্চুয়াল পার্টি হ্যাট পরে থাকতে দেখা যাবে।
মেটা এআইয়ের সহায়তায় তৈরি ‘রিস্টাইল’ নামের এআই টুলটির মাধ্যমে স্টোরি ও মেমোরিজে আপলোড করা ছবিকে নতুন রূপ দেওয়া যাবে। এ জন্য স্টোরিতে ছবি যোগ করার পর বা মেমোরিজ শেয়ার করার সময় ‘রিস্টাইল’ অপশনে গিয়ে প্রম্পট লিখতে হবে বা নির্ধারিত থিম বেছে নিতে হবে। থিমগুলোর মধ্যে রয়েছে অ্যানিমেশন, ইলাস্ট্রেটেড, উজ্জ্বল বা স্বপ্নিল ধরনের বিভিন্ন স্টাইল। পাশাপাশি আলো, রং ও মোডস পরিবর্তনের সুযোগ মিলবে। চাইলে সমুদ্রসৈকত বা শহরের দৃশ্যের মতো নতুন ব্যাকগ্রাউন্ডও যুক্ত করা যাবে।
কেবল ছবি নয়, এখন থেকে লিখে প্রকাশ করা টেক্সট পোস্টগুলোও হবে আরও আকর্ষণীয়। টেক্সট বার্তার পেছনে যুক্ত করা হয়েছে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডের সুবিধা। পোস্ট করার সময় রেইনবো আকৃতির ‘এ’ (অ) আইকনে ক্লিক করলেই মিলবে চলমান দৃশ্য। ঝরতে থাকা পাতা কিংবা সমুদ্রের ঢেউয়ের মতো মনোরম সব ব্যাকগ্রাউন্ড লেখাকে করবে আরও প্রাণবন্ত। মেটা জানিয়েছে, শিগগিরই এতে ঋতুভিত্তিক স্পেশাল ব্যাকগ্রাউন্ডও যুক্ত হবে।
মেটা জানিয়েছে, এই ফিচারগুলো বর্তমানে পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে।
সময়ের আলো/এনএ