মেহেরপুরে ক্লিনিকে অপারেশনের সময় নাছিমা খাতুন (৫৫) নামে নামের এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
তবে অভিযোগ অস্বীকার করে চিকিৎসক জানান, অপারেশন থিয়েটারে নেওয়ার পরই ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোগীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা বয়সি নাছিমা খাতুন অপারেশনের জন্য রোববার সন্ধ্যায় শহরের মেহেরপুর ক্লিনিকে ভর্তি হন। অস্ত্রপচারের জন্য ডা. মিজানুর রহমান ও তার ছেলে ডা. মুশফিকুর রহমান অভি প্রস্তুতি নেন। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়েন রোগী নাছিমা খাতুন।
অপারেশন টেবিলেই তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে পড়েন রোগীর স্বজনরা। এ সময় দুই চিকিৎসককে মারধর ও ক্লিনিকে ভাঙচুর চালায়। এতে আহত হন দুই চিকিৎসক মুশফিকুর রহমান ও মিজানুর রহমান।
ঘটনার পর পুলিশ ও সেনাসদস্যরা আহত দুই চিকিৎসককে উদ্ধার করেন। তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলার কারণেই রোগীর মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করতে নারাজ তারা।
এ বিষয়ে ডা. মিজানুর রহমান বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। রোগীর চিকিৎসায় কোনো অবহেলা ছিল না।
মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেহেদি হাসান দিপু বলেন, রোগীর স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
সময়ের আলো/আআ