পিরোজপুরের ইন্দুরকানীতে মহিউদ্দিন মল্লিক নাসির (৬০) ও রিয়াজ উদ্দিন মল্লিক নিপু (৪৮) নামে দুই বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মহিউদ্দিন মল্লিক নাসির উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও রিয়াজ উদ্দিন মল্লিক নিপু উপজেলার শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
আহত রিয়াজ উদ্দিন মল্লিক নিপু জানান, রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে আট থেকে ১০টি মোটরসাইকেলে করে আসা একদল অজ্ঞাত সন্ত্রাসী তাদের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজিব পাইক জানান, আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা রেফার করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আআ