ত্রয়োদশ জাতীয় সংসদের শপথকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটালেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টাদের দেশত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন- উপদেষ্টারা দেশেই আছেন এবং শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শপথ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও অনুষ্ঠানে অংশ নেবেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, উপদেষ্টারা রাষ্ট্রীয় প্রটোকল মেনেই শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।
তবে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা জানান তিনি। শপথ অনুষ্ঠানে যাওয়ার সময় উপদেষ্টারা রাষ্ট্রীয় পতাকাবাহী গাড়িতে গেলেও ফেরার পথে সেই গাড়িতে আর পতাকা থাকবে না। অর্থাৎ শপথের আনুষ্ঠানিকতা শেষে তাদের দায়িত্বের প্রতীকী সমাপ্তিও ঘটবে।
আরও পড়ুন
শফিকুল ইসলাম উপদেষ্টাদের ‘দেশের গর্বিত সন্তান’ হিসেবে উল্লেখ করে বলেন, দায়িত্ব পালন শেষে তারা স্বাভাবিক নাগরিক জীবনে ফিরে যাবেন। এতে দেশত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।
এদিকে উপদেষ্টাদের একজন ফয়েজ আহমদ তৈয়্যব ইতোমধ্যে তার পূর্বের আবাসস্থলে ফিরে গেছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেই তিনি কর্মস্থল ত্যাগ করেছেন।
এএডি/