দেশের বিভিন্ন এলাকায় কিছু গ্রাহকের মোবাইল ফোনের নেটওয়ার্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে আজ।
রোববার (২২ ফেব্রুয়ারি) মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রমের কারণে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রার (এনইআইআর) পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রমের কারণে ডিরেজিস্ট্রেশন ব্যতীত সীম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে।
অ্যামটব জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে বিচ্ছিন্ন হওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যাবে। তবে, সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।
কোনো ব্যক্তির নামে নিবন্ধিত হ্যান্ডসেটে কেবল সেই ব্যক্তির নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করা যাবে। যদি সেই ব্যক্তি পুরনো হ্যান্ডসেট বিক্রি বা কাউকে দিয়ে দেন, তাহলে অন্যজনের সিম ব্যবহারের আগে হ্যান্ডসেটটি ‘ডিরেজিস্ট্রেশন’ করতে হবে।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি এনইআইআর পদ্ধতি চালু করে সরকার। এর ফলে দেশের নেটওয়ার্কে অনুমোদন ছাড়া অর্থাৎ ‘আনঅফিশিয়াল’ বলে বিক্রি হয়ে আসা ফোনগুলো আর যুক্ত হতে পারবে না বলেও জানা গেছে।
/ইউএমএইচ