২০০৯ সাল। রুপালি পর্দায় চঞ্চল চৌধুরীর বিপরীতে এক মায়াবী তরুণীর উপস্থিতি পুরো বাংলাদেশকে বুঁদ করে রেখেছিল। সেই পরী হলেন অভিনেত্রী ফারহানা মিলি। মাত্র একটি সিনেমা দিয়েই আকাশছোঁয়া সাফল্য পাওয়া এই অভিনেত্রী কেন আর বড় পর্দায় ফিরলেন না, সেই প্রশ্ন আজও ভক্তদের মনে।
আসল খবর হলো, ‘মনপুরা’র পর মনের মতো গল্প আর চরিত্রের অভাবেই নতুন কোনো সিনেমা সই করেননি তিনি। ২০১১ সালে প্রকৌশলী রাশিদুল ইসলামকে বিয়ে করে বর্তমানে সংসার আর সন্তান রুসলানকে নিয়েই তার ব্যস্ততা।
তবে সম্প্রতি নজরুল জয়ন্তী উপলক্ষে খায়রুল আলম সবুজের পরিচালনায় ‘বনের পাপিয়া’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে কাজ করে অভিনয়ে নিজের জাত চিনিয়েছেন আবারও।
দীর্ঘ ১৭ বছর পর মিলির অপূর্ণ স্বপ্নও এবার পূর্ণ হলো। ‘স্টার প্লাস কমিউনিকেশনস’ তাকে দিয়েছে বিশেষ সম্মাননা—‘এক ছবিতেই ইতিহাস’। আর এই বিশেষ পুরস্কারটি তিনি গ্রহণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার হাত থেকে।
২৩ ফেব্রুয়ারি ছিল এই গুণী অভিনেত্রীর জন্মদিন। জীবনের নতুন বছরে পা রাখা এই চিরসবুজ পরীর জন্য ভক্তদের একটাই চাওয়া— আবারও কোনো জাদুকরী গল্পে ফিরে আসুক পর্দার সেই মায়াবী পরী।
সময়ের আলো/আআ