ইউক্রেনে ঘোষিত সব যুদ্ধের লক্ষ্য এখনও পূরণ হয়নি এবং সেগুলো অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে রাশিয়া। সামরিক অভিযানের চতুর্থ বার্ষিকীতে মঙ্গলবার এ মন্তব্য করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
তিনি বলেন, লক্ষ্যগুলো এখনও পুরোপুরি অর্জিত হয়নি, এ কারণেই সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভদিমির পুতিন ইউক্রেনকে পুরোপুরি দখলের যে লক্ষ্য নিয়েছিলেন, তা অর্জনে ব্যর্থ হয়েছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে মারাত্মক ও দীর্ঘ এই সংঘাত লড়াই বন্ধ করার জন্য বেশ কয়েকটি প্রচেষ্টার মধ্যে সর্বশেষ চলতি মাসের শুরুতে জেনেভায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংক ইউক্রেনের পুনর্গঠনের জন্য ব্যয় ৫২৪ বিলিয়ন ডলার থেকে ৫৮৮ বিলিয়ন ডলারে উন্নীত করেছে।
চার বছর আগে ইউক্রেনে অতর্কিত হামলা করে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট পুতিন যখন ইউক্রেনে আক্রমণ করেন, তখন তিনি দেশটি দখলে নিতে চেয়েছিলেন কিন্তু তিনি এটি এবং অন্যান্য যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
রাশিয়ার আক্রমণের চার বছর পূর্তি উপলক্ষে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেন একটি শক্তিশালী, স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য ‘যা কিছু করা সম্ভব’ তা করতে প্রস্তুত। তিনি বলেন, পুতিন তার লক্ষ্য অর্জন করতে পারেননি। তিনি এই যুদ্ধে জয়ী হননি। আমরা ইউক্রেনকে রক্ষা করেছি এবং শান্তি অর্জনের জন্য, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আমরা সবকিছু করব।
সময়ের আলো/এআর