ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানে ফলের বাজারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, মঙ্গলবার দোরচেহ শহরে ঘটা এ দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট, কো-পাইলট আর দুই ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।
সরকারি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শহরটিতে সেনাবাহিনীর একটি বড় বিমানঘাঁটি রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
আর্মি এভিয়েশন ট্রেনিং সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, নিহত দুই সেনাসদস্য হলেন পাইলট কর্নেল হামিদ সারভাজাদ আর কো-পাইলট মেজর মোজতবা কিয়ানি।
হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরপরই তাতে আগুন ধরে যায়। এতে বাজারের দোকানে কাজ করা দুজন ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান।
আর্মি এভিয়েশন ট্রেনিং সেন্টার জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্থানীয় বিচার বিভাগীয় প্রধান আসাদুল্লাহ জাফারি জানান, তিনি এ ঘটনায় একটি মামলা করেছেন এবং তদন্ত কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়েছেন।
গত সপ্তাহে ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে দেশটির বিমান বাহিনীর একটি এফ-ফোর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন। যুক্তরাষ্ট্রের নির্মিত যুদ্ধবিমানটি ওই সময় প্রশিক্ষণ ফ্লাইটে ছিল।
সময়ের আলো/এআর