প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০২ পিএম
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই বাস। ছবি : সময়ের আলোফরিদপুরের ভাঙায় মাওয়া-ভাঙা মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে ভাঙা উপজেলার তারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের দুটি বাস একটি অপরটিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়। এতে একটি বাস সড়কের ওপর উল্টে যায় এবং বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন।
খবর পেয়ে ভাঙা থানা পুলিশ ও শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
সময়ের আলো/আআ