দ্বৈত চরিত্রে তিশা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দেশের টিভি নাটকে নারী গ্যাংস্টার ঘরানার গল্প দেখা যায় না বললেই চলে। তবে আসছে ঈদে দর্শকদের জন্য নির্মিত হয়েছে নারীকেন্দ্রিক

2026-02-28T01:19:28+00:00
2026-02-28T01:19:28+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
দ্বৈত চরিত্রে তিশা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৯ এএম 
অভিনেত্রী তানজিন তিশা। ছবি : সংগৃহীত
দেশের টিভি নাটকে নারী গ্যাংস্টার ঘরানার গল্প দেখা যায় না বললেই চলে। তবে আসছে ঈদে দর্শকদের জন্য নির্মিত হয়েছে নারীকেন্দ্রিক অ্যাকশন থ্রিলার নাটক ‘গোলাপী’। এতে নাম ভূমিকায় এক রহস্যময় ও দুর্ধর্ষ নারী চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। নাটকটিতে দ্বৈত রূপে দেখা যাবে তাকে। একদিকে কোমল, অন্যদিকে ভয়ংকর- দুটি ভিন্ন সত্তার মিশেলে গড়ে উঠেছে চরিত্রটি। নাটকে গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। গল্পে তিনি নায়ক না ভিলেন সেই ধোঁয়াশাই তৈরি করবে নাটকের সাসপেন্স। নাটকটিতে থাকছে সিনেমার আদলে অ্যাকশন দৃশ্য ও সংলাপ। 

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন পরিচালক রুবেল হাসান। সিনেমাটোগ্রাফিতে আছেন রাজু রাজ। নির্মাতার ভাষ্য- বস্তির জীবন, পকেটমার থেকে গ্যাংস্টার চক্রের রাজনীতি, এমনকি পুলিশি অ্যাকশনও থাকছে নাটকটিতে। অর্থাৎ এটি শুধু অ্যাকশন থ্রিলারই নয়, রয়েছে রোমান্স ও আবেগের ছোঁয়াও।

পরিচালক রুবেল হাসান বলেন, এই নাটকে যেমন বস্তির চালচিত্র তুলে ধরা হয়েছে। তেমনি পকেটমার থেকে গ্যাংস্টারদের রাজনীতিও তুলে ধরা হয়েছে। এটি একটি অ্যাকশন থ্রিলার। সঙ্গে রোমান্টিক বিষয়টিও থাকছে। 
আরও পড়ুন

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পুর মতে, ‘গোলাপী’ মূলত সিনেমাটিক ধাঁচে নির্মিত একটি নাটক, যা দর্শকদের ছোটপর্দায় বড়পর্দার অভিজ্ঞতা দেবে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই ব্যতিক্রমী গল্প।  এদিকে সম্প্রতি স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছে তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। দুজনেই ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তৌসিফ একের পর এক নাটকে অভিনয় করে গেলেও ছোটপর্দার পাশাপাশি তিশাকে দেখা যাবে সিনেমায়। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’-এ অভিনয় করেছেন তিনি। সাকিব ফাহাদের পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিশা। সিনেমাটিতে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে তাকে। এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটছে তিশার। সিনেমাটি মুক্তি পাবে আসন্ন ঈদে।

এএডি/


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: