স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত অভিনেতা জাহের আলভী দেশে পৌঁছেছেন। তবে দেশে ফেরার পর থেকেই পুলিশ তাকে গ্রেফতার অভিযানে মাঠে নামে। কিন্তু অভিনেতার অবস্থান নিশ্চিত করতে পারছে না পুলিশ।
রোববার (১ মার্চ) রাতে দেশে ফেরেন আলভী। বিমানবন্দর থেকে বের হওয়ার পর তার ফোন, ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় তার অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জানা যায়, রোববার বিকেলে আলভী নেপাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে তিনি কিছুক্ষণ অবস্থান করার পর বেরিয়ে আসেন। নেপালে থাকাকালীন অভিনেতা জানিয়েছিলেন দেশে ফিরেই গণমাধ্যমের সাথে কথা বলে বিস্তারিত ব্যাখা দেবেন। অথচ দেশে পৌঁছানোর পর গণমাধ্যমের মুখোমুখি হননি তিনি।
পুলিশ বলছে, গা ঢাকা দেয়ার চেষ্টা আলভীর জন্য আরও বিপদ ডেকে আনতে পারে। পুলিশের পরামর্শ, বিষয়টি নিয়ে খোলাখুলিভাবে কথা বলাই হবে বুদ্ধিমানের কাজ। এদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, আলভীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ইকরার মৃত্যুর ঘটনায় অভিনেতা জাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। একই মামলায় অভিনেত্রী তিথি ও অভিনেতার মাকেও আসামি করা হয়েছে। রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।
২০১০ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন আলভী-ইকরা। তাদের ঘরে রয়েছে এক পুত্রসন্তান। সামাজিক মাধ্যমে ঘনিষ্ঠদের সঙ্গে ইকরার ব্যক্তিগত চ্যাট নেটদুনিয়ায় ফাঁস হওয়ার পর বিষয়টি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে দেশজুড়ে।
সময়ের আলো/আআ