তেহরানে ইসরায়েলি বিমান হামলার জবাবে ইরান আবারও ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, মঙ্গলবারের (৩ মার্চ) এই হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর তেল আবিব এবং দেশটির দক্ষিণ অঞ্চল।
ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল জুড়ে আকাশপথে আলোর ঝলকানি দেখা গেছে এবং সাইরেনের শব্দে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করতে পেরেছে এবং তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো প্রতিহত করার জন্য সক্রিয় রয়েছে। তবে কতটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য যে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন লায়নস রোর’ শুরু হওয়ার পর এটিই ইরানের সবচেয়ে বড় পাল্টা আক্রমণ।
ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে, তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর তারা 'দাঁতভাঙা' জবাব দেবে।
তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং রাষ্ট্রীয় টেলিভিশন ভবনেও (আইআরআইবি) ইসরায়েল হামলা করেছে বলে জানা যাচ্ছে।
যুদ্ধের এই তীব্র পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আকাশসীমা প্রায় বন্ধ হয়ে পড়েছে।
সময়ের আলো/আরবিএন