বরিশালের গৌরনদীতে পল্লি চিকিৎসকের ভুল ইনজেকশন প্রয়োগে সুমন বেপারী (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি উপজেলার ধানডোবা গ্রামের শাহ আলম বেপারীর একমাত্র ছেলে।
শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে সুমনের মরদেহ বাড়িতে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মৃত সুমন তার বাবার সাথে টরকী বন্দরে কয়েক বছর যাবত লাইব্রেরীর ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
সুমনের বাবা শাহ আলম জানিয়েছেন, শুক্রবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কসবা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়। ওই দুর্ঘটনাস্থলে গিয়ে ফেরার পথে নছিমনের ধাক্কায় আহত হয় সুমন। পরে তাকে উদ্ধার করে টরকী বন্দরের পল্লি চিকিৎসক সুজন সরকারের কাছে নেওয়া হয়। সেখানে সুমনকে ব্যথা কমানোর জন্য ইনজেকশন পুশ করা হয়।
পল্লি চিকিৎসক সুজন সরকার বলেন, দুর্ঘটনায় আহত হওয়ার পর আমার কাছে নিয়ে আসলে সুমনকে একটি টোরাক্স (ব্যথানাশক) ইনজেকশন পুশ করার পর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে ব্যথানাশক ইনজেকশন পুশ করার বৈধতা আছে কিনা জানতে চাইলে পল্লি চিকিৎসক সুজন সরকার বলেন, প্রাথমিকভাবে আমরা এভাবেই চিকিৎসা দিয়ে আসছি।
এ বিষয়ে গৌরনদী উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তৌকির আহমেদ বলেন, পল্লি চিকিৎসকের এভাবে ইনজেকশন পুশ করার কোনো বৈধতা নেই। ভুক্তভোগী পরিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি খতিয়ে দেখে হবে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আআ