গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে আগ্রাসন চালায়। যুক্তরাষ্ট্র তাদের অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’। হামলার এক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনে অপারেশন এপিক ফিউরির প্রতি দলীয় সমর্থন বিভক্ত হয়ে গেছে। ট্রাম্প যুদ্ধ চালিয়ে যাবেন কি না সে প্রশ্নে কংগ্রেসে ভোটাভুটি হয়েছে। রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ এবং সিনেট ট্রাম্পের যুদ্ধের পক্ষে ভোট দিয়েছে।
সিএনএনের জরিপে দেখা গেছে, ৭৭ শতাংশ রিপাবলিকান যুদ্ধকে সমর্থন করেছেন। আর ডেমোক্র্যাটদের মধ্যে যুদ্ধকে সমর্থন দিয়েছেন মাত্র ১৮ শতাংশ।
ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে যারা যুদ্ধকে সবচেয়ে বেশি সমর্থন করেন, তাদের মধ্যেও সংঘাত এগিয়ে নেওয়ার ধরন নিয়ে মতবিরোধ রয়েছে। মধ্যপ্রাচ্য-সংক্রান্ত একটি সূত্র মিডল ইস্ট আইকে বলেছে, চলতি সপ্তাহের শুরুতে ইরানে স্থল সেনা পাঠানো নিয়ে হেগসেথ এবং মার্কো রুবিওর মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। জানা গেছে, হেগসেথ স্থল অভিযান চালাতে চাচ্ছিলেন। আর রুবিও ঝুঁকিগুলো নিয়ে বেশি সতর্ক ছিলেন।
এই যুদ্ধ ট্রাম্পের প্রশাসন এবং তার ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (এমএজিএ বা মাগা) আন্দোলনের সঙ্গীদের মধ্যকার সাংঘর্ষিক চিত্রকে সামনে নিয়ে এসেছে। ইরানে হামলার প্রশ্নে ট্রাম্প এবং তার কর্মকর্তারা একেবারে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছে যাওয়ার সক্ষমতাসম্পন্ন পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছিল ইরান। আর ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের সঙ্গে এমন এক হামলায় যোগ দিয়েছে, যা যেকোনোভাবেই হোক ঘটত।
যুদ্ধের সম্ভাব্য সময়সীমা এবং বিজয়ের সম্ভাবনা নিয়েও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ভিন্ন মত দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ইরান নিঃশর্ত আত্মসমর্পণ না করলে যুদ্ধ অনন্তকাল চলতে পারে। আর ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জনসাধারণকে আশ্বস্ত করেছেন, ট্রাম্প কখনোই দেশের মানুষকে অনির্দিষ্টকালের যুদ্ধের দিকে ঠেলবেন না। ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন জোট অনেক বড় এবং এই ধরনের বিরোধ স্বাভাবিক। ইরানে যুদ্ধের আগে ট্রাম্প ফিলিস্তিনপন্থি টাকার কার্লসন এবং কট্টর ইসরাইলপন্থি সিনেটর লিন্ডসে গ্রাহামের পরামর্শ নিয়েছিলেন।
ট্রাম্পের মন্ত্রিপরিষদে আছেন তুলসী গ্যাবার্ড যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ট্রাম্প ব্যয়বহুল ও অপ্রয়োজনীয় যুদ্ধ বন্ধ করবেন। এ ছাড়া মন্ত্রিপরিষদে আছেন পিট হেগসেথ। তিনি তার বক্তৃতায় শত্রুদের ‘মেরে ফেলা ও ধ্বংস করা’ এবং জাতির শত্রুদের কাছ থেকে ‘মার্কিন শক্তিকে মুক্ত করার‘ হুমকি দিয়েছেন। এখন যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে, তখন এই মতপার্থক্য আর শুধু কথার মধ্যে থেমে নেই। সবচেয়ে স্পষ্ট বিভাজন দেখা গেছে জে ডি ভ্যান্স এবং ট্রাম্প প্রশাসনের বাকি দলের মধ্যে।
ভ্যান্স কোথায় ছিলেন : ২০২৪ সালে এক সাক্ষাৎকারে জে ডি ভ্যান্স বলেছিলেন, ‘আমার মনে হয়, আমাদের আগ্রহের জায়গাটা খুবই স্পষ্ট। আমরা ইরানের সঙ্গে যুদ্ধে যেতে চাই না। এতে অনেক সম্পদ নষ্ট হবে। আমাদের দেশের জন্য এটি অত্যন্ত ব্যয়বহুল হবে।’
মেরিন কোরের সাবেক সেনা ভ্যান্স রাজনীতিতে পা রাখার পর থেকে যুক্তরাষ্ট্রকে ঘরোয়া বিষয়গুলোর দিকে বেশি মনোযোগ দিতে উৎসাহিত করে থাকেন। ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সমালোচকদের একজন ছিলেন ভ্যান্স। ভ্যান্স ২০২৩ সালে এক মন্তব্য প্রতিবেদনে ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার সমর্থন জানান। মন্তব্য প্রতিবেদনটির শিরোনাম ছিল, ‘ট্রাম্পের সেরা বৈদেশিক নীতি কী? কোনো যুদ্ধ শুরু না করা।’
যখন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলো, তখন ভ্যান্সকে কোথাও দেখা গেল না। তিন দিন তিনি প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি। শুধু হোয়াইট হাউস প্রকাশিত কিছু ছবিতে তাকে দেখা গেছে। এতে গুঞ্জন উঠেছে, ভ্যান্স কোণঠাসা হয়ে আছেন। একটি ছবিতে দেখা যায়, ট্রাম্পের মালিকানাধীন মার-এ-লাগোতে অস্থায়ীভাবে তৈরি করা একটি কক্ষ থেকে তিনি যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তার পাশে আছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ। অন্য ছবিতে দেখা গেছে, জে ডি ভ্যান্স হোয়াইট হাউস থেকে যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট।
ট্রাম্পের মন্ত্রিপরিষদের সদস্যদের কেউ কেউ এ যুদ্ধ নিয়ে ঐক্যবদ্ধ। আবার কেউ কেউ যুদ্ধ নিয়ে বিভক্ত। আরও ক্ষতি হওয়া, দ্রুত বিজয় না আসা বা ইরানি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পারস্য উপসাগর থেকে সরে যাওয়া সবই প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
গত সোমবার সন্ধ্যায় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে যখন প্রকাশ্যে বক্তব্য দিতে দেখা গেল, ততক্ষণে যুদ্ধ শুরুর ৪৮ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে। তবে সেদিন আর তার কণ্ঠে ইরানের সঙ্গে যুদ্ধের বিরোধিতা শোনা গেল না। বরং তিনি সংবাদমাধ্যম ফক্স নিউজের দর্শকদের কাছে এই সংঘাতের যৌক্তিকতা ব্যাখ্যা করতে প্রস্তুত ছিলেন। ভ্যান্স ফক্স নিউজকে বলেন, প্রেসিডেন্ট ঠিকঠাক মতো জানেন, তিনি কী অর্জন করতে চান। এটি একেবারেই অসম্ভব, কোনো নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য ছাড়াই ডোনাল্ড ট্রাম্প এই দেশকে বহু বছরের সংঘাতের দিকে যেতে দেবেন।
রুবিওর উত্থান : সরাসরি যুদ্ধের প্রতি বিরোধিতার অবস্থান থেকে সরে এসে ভ্যান্স এখন ‘দীর্ঘমেয়াদি সংঘাত’ বিরোধী অবস্থান নিয়েছেন বলে মনে হচ্ছে। ভাইস প্রেসিডেন্টকে বিভিন্ন সময়ে ট্রাম্প প্রশাসনের কাছে উপেক্ষিত হতে এবং নিজের অবস্থান বদলাতে দেখা গেছে। যেমন ভ্যান্স ইউক্রেনে যুক্তরাষ্ট্রের তহবিল সম্পূর্ণ বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন এবং পরে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তিরস্কার করেছিলেন। এরপরও যুক্তরাষ্ট্র কিয়েভকে গোয়েন্দা, নজরদারি ও প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য সরবরাহ অব্যাহত রেখেছে এবং যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ চালিয়ে যাচ্ছে। যদিও অর্থ প্রদানে ইউরোপীয় দেশগুলো মূল দায়িত্ব পালন করছে।
ভ্যান্স একসময় ‘সারা বিশ্বের ওপর যুক্তরাষ্ট্রের ছড়ি ঘোরানো উচিত’ এমন ধারণাটি নিয়ে উপহাস করতেন। অথচ ট্রাম্প যখন পুলিশি অভিযানের ছলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে আসার আদেশ দিলেন, তখন ভ্যান্স চুপচাপ হাত গুটিয়ে বসে থাকলেন। এসব ক্ষেত্রে দেখা গেছে, ট্রাম্প স্পষ্টতই পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পক্ষে থেকেছেন। এ রুবিও অন্য দেশে হস্তক্ষেপের পক্ষপাতী। ট্রাম্প নিজেও তার নির্বাচনের রাতের প্রতিশ্রুতির বিপরীতে অবস্থান নিয়েছেন। নির্বাচনের রাতে দেওয়া ভাষণে তিনি বলেছিলেন, ‘আমি যুদ্ধ শুরু করতে যাচ্ছি না। আমি যুদ্ধ থামাব।’
প্রতিটি ক্ষেত্রে ভ্যান্স তার আগের অবস্থান বদলে দিয়ে ট্রাম্পের কার্যকলাপকে সঠিক বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। ট্রাম্প প্রশাসনের ভেতরে রুবিওর ক্রমাগত উত্থান ঘটেছে। উল্লেখজনক বিষয় হলো, ২০২৫ সালে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভ্যান্সকে পাঠালেও ২০২৬ সালে মার্কো রুবিওকে পাঠিয়েছেন ট্রাম্প।
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা শুরু হওয়ার চার দিন আগে ট্রাম্প স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি বিশেষভাবে মার্কো রুবিওর প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আপনি চমৎকার কাজ করেছেন।’ ট্রাম্প আরও বলেছিলেন, ‘দারুন পররাষ্ট্রমন্ত্রী। আমি মনে করি, তিনি ইতিহাসে সেরা হিসেবে পরিচিত হবেন।’
হেগসেথ কি স্থলযুদ্ধ চান : ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে যারা যুদ্ধকে সবচেয়ে বেশি সমর্থন করেন, তাদের মধ্যেও সংঘাত এগিয়ে নেওয়ার ধরন নিয়ে মতবিরোধ রয়েছে। মধ্যপ্রাচ্য সংক্রান্ত একটি সূত্র মিডল ইস্ট আইকে বলেছে, চলতি সপ্তাহের শুরুতে ইরানে স্থল সেনা পাঠানো নিয়ে হেগসেথ এবং মার্কো রুবিওর মধ্যে বাকবিতণ্ডা হয়েছে।
জানা গেছে, হেগসেথ স্থল অভিযান চালাতে চাচ্ছিলেন। আর রুবিও ঝুঁকিগুলো নিয়ে বেশি সতর্ক ছিলেন। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন ওই প্রতিবেদনটিকে ‘শতভাগ মিথ্যা’ বলে উল্লেখ করেছে। এ ব্যাপারে এখনও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদনটি সত্য বা মিথ্যা যা-ই হোক না কেন, গুরুত্বপূর্ণ বিষয়টি হলো হেগসেথ এবং রুবিওর কথিত বিতর্ক সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার মধ্য দিয়ে বোঝা যায়, ওয়াশিংটনে বার্তা শৃঙ্খলায় গুরুতর ভাঙন ঘটেছে। বিভিন্ন গোষ্ঠী নিজেদের স্বার্থে লড়ছে।