মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। ফলে তেলের দাম বাড়লে বিশ্বজুড়ে মূল্যস্ফীতিও নতুন করে বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সোমবার (৯ মার্চ) জাপানের অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় এ সতর্কতা জানান আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
তিনি বলেন, যদি জ্বালানি তেলের দাম ১০ শতাংশ বৃদ্ধি পায় এবং তা বছরের অধিকাংশ সময়জুড়ে বজায় থাকে, তাহলে বৈশ্বিক মূল্যস্ফীতি ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে।
বর্তমান বিশ্ব পরিস্থিতিকে অনিশ্চিত উল্লেখ করে নীতিনির্ধারকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই পরিবর্তিত বৈশ্বিক পরিবেশে অপ্রত্যাশিত বিষয়গুলো নিয়েও ভাবা এবং সেভাবেই আগাম প্রস্তুতি নেওয়া জরুরি।
জর্জিয়েভা আরও বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত বৈশ্বিক অর্থনীতির স্থিতিস্থাপকতাকে আবারও কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠলে পরিবহন ও উৎপাদন ব্যয় সরাসরি বেড়ে যায়। এর প্রভাব শেষ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপরও পড়ে।
আইএমএফের এই সতর্কবার্তা বিশ্ব অর্থনীতিতে আবারও মন্দা কিংবা উচ্চ মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছে।
সময়ের আলো/আআ