উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে দারুণ এক দাপুটে জয় তুলে নিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ইতালির ক্লাব আতালান্তার মাঠে খেলতে নেমে আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী করে ৬-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে বাভারিয়ানরা।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে আতালান্তার জিউইস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বায়ার্নের দখলে। বল দখল, আক্রমণ তৈরি এবং গোলের সুযোগ- সব দিক থেকেই স্বাগতিকদের ওপর প্রভাব বিস্তার করে জার্মান ক্লাবটি। ফলে ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তিন গোলের লিড পেয়ে যায় তারা।
১২ মিনিটে ক্রোয়াট ডিফেন্ডার জোসিপ স্ট্যানিসিচ গোল করে বায়ার্নকে এগিয়ে দেন। এরপর ২২ মিনিটে ফরাসি ফরোয়ার্ড মাইকেল ওলিসে ব্যবধান বাড়ান। মাত্র তিন মিনিট পর তারই বাড়ানো বল থেকে সার্জি গ্যানাব্রি গোল করে স্কোরলাইন ৩-০ করেন। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও আর গোল পায়নি বায়ার্ন।
বিরতির পরও আক্রমণের ধার কমেনি সফরকারীদের। ৫২ মিনিটে নিকোলাস জ্যাকসন গোল করে ব্যবধান আরও বাড়ান। এরপর ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ওলিসে। ম্যাচের ৬৯ মিনিটে বদলি হিসেবে নামা জামাল মুসিয়ালা গোল করে ব্যবধান ৬-০ করেন।
আরও পড়ুন
ম্যাচের শেষ দিকে কিছুটা সান্ত্বনা পায় আতালান্তা। ইনজুরি টাইমে মারিও পাসালিচ গোল করে ব্যবধান কমান। তবে সেটি বড় পরাজয় এড়াতে পারেনি ইতালিয়ান দলটি।
ম্যাচের পরিসংখ্যানে স্পষ্ট ছিল বায়ার্নের আধিপত্য। পুরো ম্যাচে প্রায় ২৫টি শট নেয় তারা, যার মধ্যে ১৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে আতালান্তা মাত্র ৮টি শট নিতে সক্ষম হয় এবং তার মধ্যে দুটি ছিল গোলমুখে। বল দখলের ক্ষেত্রেও জার্মান ক্লাবটি ছিল এগিয়ে।
এই বড় জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ। এখন দ্বিতীয় লেগে আতালান্তাকে খেলতে হবে জার্মানির মিউনিখে বায়ার্নের মাঠে, যা অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। সেই ম্যাচে বড় কোনো অঘটন না ঘটলে শেষ আটে জায়গা করে নেওয়া প্রায় নিশ্চিতই বাভারিয়ানদের।
এএডি/