দেশজুড়ে আবহাওয়ায় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এর প্রভাবে দিনের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।
বুধবার (১১ মার্চ) দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের মতে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে একটি লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সময়ে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এই পরিস্থিতির প্রভাবেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও পড়ুন
এছাড়া বৃহস্পতিবার থেকে আগামী কয়েক দিন দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামী সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ দেশের অধিকাংশ স্থানে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মৌসুম পরিবর্তনের এই সময়ে এমন অস্থায়ী বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা স্বাভাবিক এবং এটি তাপমাত্রা কিছুটা স্বস্তিদায়ক করতে পারে।
এএডি/