খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামীকাল সকাল ৯টায় প্রধানমন্ত্রী বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে তাকে বহনকারী বিশেষ বুলেটপ্রুফ বাসযোগে সৈয়দপুর শহর হয়ে সড়কপথে তিনি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হবেন।
জানা গেছে,প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামকস্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৩টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে জেলার বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা।
এফআর