দক্ষিণের পাশাপাশি বলিউডেও জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে। এই জুটির প্রথম সিনেমা ‘রফতার’-এর মুক্তির ঘোষণা এলো সম্প্রতি। অ্যামাজন এমজিএম স্টুডিওস ঘোষণা দিয়েছে, সিনেমাটি আগামী ২৪ জুলাই ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করছেন আদিত্য নিম্বালকার। প্রযোজনা করছেন অভিনেত্রী পত্রলেখা, তার প্রযোজনা প্রতিষ্ঠান কাম্পা ফিল্মের ব্যানারে।
‘রফতার’-এর গল্প আবর্তিত হয়েছে উচ্চঝুঁকিপূর্ণ করপোরেট ও স্টার্টআপ জগৎ ঘিরে। যেখানে উচ্চাকাক্সক্ষা সাম্রাজ্য গড়ে তোলে, আবার সাফল্যের পেছনে দিতে হয় বড় মূল্য। গল্পের কেন্দ্রে রয়েছে দ্রুত উত্থান ঘটানো একটি স্টার্টআপ এবং এক উচ্চাভিলাষী নারী ও পুরুষের জটিল সম্পর্ক।
অর্থ, ক্ষমতা ও লোভের প্রতিযোগিতায় যখন সাফল্যের দৌড় তীব্র হয়ে ওঠে, তখন তাদের ব্যক্তিগত সম্পর্কেও তৈরি হয় টানাপড়েন। উত্থান যতটা নেশার মতো, পতনের পর প্রশ্নটা ততটাই কঠিন- তারা কি আবার শীর্ষে ফিরতে পারবে, নাকি এখানেই সবকিছুর শেষ?
সব মিলিয়ে করপোরেট দুনিয়ার উচ্চাকাক্সক্ষা, প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব ঘিরে তৈরি ‘রফতার’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। এখন অপেক্ষা আগামী ২৪ জুলাইয়ের, যখন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
রাজকুমার রাও ও কীর্তি সুরেশের পাশাপাশি সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রজত কাপুর, তানিয়া মানিকতলা, রোহান বিরমা ও অনুরাগ ঠাকুর। কীর্তিকে সবশেষ দেখা গিয়েছিল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত কালিসের পরিচালনায় নির্মিত ‘বেবি জন’ সিনেমায়। যেখানে তিনি বরুণ ধাওয়ানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। সিনেমাটিতে তাদের পাশাপাশি অভিনয় করেন ওয়ামিকা গাব্বি, সানিয়া মালহোত্রা, জ্যাকি শ্রফসহ আরও অনেকে।
প্রসঙ্গত, দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ তামিল, তেলেগু ও মালয়ালম ভাষার সিনেমায় সমানতালে কাজ করে যাচ্ছেন। ২০১৮ সালে ‘মহানটী’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য জিতেছেন জাতীয় পুরস্কারও। এর মধ্যে গত বছর ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি ঠাট্টিলের সঙ্গে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এ দক্ষিণি অভিনেত্রী।
সময়ের আলো/কেএইচও