জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুর এলাকায় রাবনাবাদ নদীর ওপর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ মন্তব্য করেন।
রবিউল আলম বলেন, আসন্ন ঈদে মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার ইতোমধ্যে পাবলিক পরিবহনে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করেছে। জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং পর্যায়ক্রমে সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টরা তৎপর রয়েছে।
রাবনাবাদ নদীর ওপর সেতু নির্মাণ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, এ সেতু নির্মিত হলে অত্র অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। একটি জনবান্ধব সরকারের দায়িত্ব হলো জনগণের চাহিদার প্রতি সাড়া দেওয়া, আর এ প্রকল্প তারই বাস্তব প্রতিফলন। নির্ধারিত সময়ের মধ্যেই সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, এই সেতু চালু হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং এর মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মামুনুর রশীদ, স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য ৮৮২ দশমিক ৮১ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৬৪ কোটি ৪ লাখ ৮২ হাজার ১৫৮ টাকা।
আগামী ২০২৭ সালের ডিসেম্বর মাসে সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
এফআর