আশরাফ রোকনের কবিতা

আশরাফ রোকন

সাহিত্য

দরোজাখুলতে হবে সে দরোজা অপার হয়ে আছে যে দেখতে হবে গভীরে কোথায় কেউ লুকিয়ে রয়েছে কি না কে গোপনে বসে

2026-03-18T23:05:37+00:00
2026-03-20T21:28:06+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
সাহিত্য
আশরাফ রোকনের কবিতা
আশরাফ রোকন
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১১:০৫ পিএম  আপডেট: ২০.০৩.২০২৬ ৯:২৮ পিএম
ডিজাইন : সময়ের আলো
দরোজা

খুলতে হবে সে দরোজা অপার হয়ে আছে যে দেখতে হবে গভীরে কোথায় কেউ লুকিয়ে রয়েছে কি না কে গোপনে বসে সাধন ক’রে একটা কোন অদেখা জীবন যাপন করে যা মনে মনে অনেকে কল্পনায় সে জগতের প্রবেশমুখে লেগে আছে অনীহা ঝুলকালি মতো বিকটদর্শন তাকে সরাতে হবে হৃদয়ে আলো জ্বেলে খুঁজতে হবে হারানো যে সকল অতীতের 

স্বপ্নগুলোর মমিতে কোথায় লুকিয়ে এখনো ভবিষ্যতের স্বপ্ন আজ এঁকে নিতে হবে ব্যর্থ নির্মুখ কালি দিয়েই সফলতার স্তোত্রগুলি আলোকে বসেই করতে হবে পাঠ উন্মুক্ত ছড়িয়ে পড়বে তা হলেই আরও দেখা হবে সে-ই মুগ্ধ নয়নের এতোকাল সাধুরা যার সুনাম করেছে ব্রহ্মে!

সংবেদ

ভালোবাসা শুধু ভালোবাসাই থামাতে পারে আমাদের গোপন সংবেদ, একটা রক্তঝড়ের আভাস দেখা দেয় যখন প্রকৃত বাতাসে উড়ে মনে হয় ছিন্নভিন্ন খড়ের ন্যায় বৃক্ষের ডালে আটকে থাকা স্বপ্নগুলোর গায়ের পোশাক হয়েই রয়ে যায় চিরকাল ভালোবাসা কখনও দুঃস্বপ্ন দেখায় না আঁধারের গভীরে নেমে আসা অজানা ভয়ের গলায় ভালোবাসা নিখুঁত কোন কোমল ছুরিকাঘাত সহসাই চোখ যা টের পায় না হৃদয় থেকেই আনন্দের সঙ্গীত ওঠে স্পর্শ ক’রে ক্রমে শূন্যতা, তারপর আকাশের গোল মুখে চুম্বন ক’রে প্রত্যহ সূর্য যে বেগার খাটে পৃথিবীর সাথে সম্পর্ক গ’ড়ে অলৌকিক রঙের কোন যাদুবাক্সের মতোই তা হলে রঙ পাল্টায় দিগন্তে দেখা দেয় অভূতপূর্ব কোন গোধূলির নিচে বসে আমাদেরও রাত্রিযাপন, নিশার অদ্ভুত চুম্বনে তারাদের জ্যোতির সাথে, এই যে চাঁদের সকাশেই রজনীযাপন, তাও ভালোবাসারই অবদান! ভালোবাসাই আমাদের মাটি থেকে তু’লে এনে এখানে আকাশ পার হয়ে চলে যাওয়ার দেখায় পথ!

একটা কুকুরের স্মৃতিতে

একটা কুকুরের স্মৃতিতে থাকে সাধারণত কতক প্রভুভক্তির নিরলস ছাপ, আর পচা দুর্ভক্ষ খাবারের তলানীর নিচে জমা খাদ্যরসের লবণের ঘ্রাণ তিক্ত বিস্বাদ এ কুকুরজীবনের! কাঁচা, শক্ত হাড়ে ফুটো চোয়ালের ব্যথায় সে হয়তো এখন আর কুঁকাবে না, শেয়ালের ছায়া দেখামাত্র ঘেউ ঘেউ স্বভাবের কতক চিত্রের ডায়াগ্রাম ছাড়া অস্পষ্ট আঁধারে সহসা জোছনার বিস্মরণও একটা কুকুরের স্মৃতিতে থাকে আরও শ্রাবণের শেষে অমোঘ ভাদ্রের আহ্বানে ছুটে যাওয়ার ধ্বনিত কুকুরীসঙ্গীত!থাকে হয়তো আরও কিছু ঘাস শুঁকে বেঁচে থাকার কৌশল আর দ্রুত দৌড়ে পালানোর নির্ভার সময়ের কতক কুকুরস্বভাব, থাকে লাঠির ভয়ও কতক কুকুরের স্মৃতি জুড়ে কতো ডাস্টবিন, পদ্মপাতা, কলাপাতায় থাকা খাবার, আর তাদের ঘিরে থাকে ফুটপাতে লানতের জীবনের খণ্ড খণ্ড ঘুম আর থাকে কতক পরাজয়ের ছবিও লেজ নিচু করার করুণতাও একটা কুকুরের স্মৃতিতে তাড়া খাওয়া মুগুরের নির্মমতাও কিছু থাকে একটা কুকুরের স্মৃতিতে অবিরাম থাকে নেড়ীকুত্তা হওয়ারও ভয়, আর অতীতের নিধনযজ্ঞেরও অসহ্য মেটাফর!

দেখতে দেখতে

দেখতে দেখতে দেখার সময় পার হয়ে গেলে আর দেখা হয় না যে চলে যায় ফিরে আসে না আর তার হাতের বিপরীতে থাকা সূর্য আসে ঠিকই আজও অবধি যে হয়তো-বা এখনো অক্ষত আছে তার কর্মের মাঝে প্রতিদিন দিন আসে রাত্রি চলে যায়, দেখতে দেখতে ঊষার কুটিরে এসে বসত গ’ড়ে গোধূলি আবারও দেখে রাখা হয় না নিশীথের ক্রন্দন তোমার

বেদনার পাহাড়ে বসে দেখা হয় না সমতলে কেমন জোছনা লুটোয় তৃণের পাতাগুলির কচি অবয়ব জুড়ে হিল হিল হাওয়ার চলন, গুল্মের ছায়াদের কথোপকথন দেখতে দেখতে আর দেখা হলো না ক্রমশ দীর্ঘ হয়ে কোন চলে গেছে পথ কার দিকে মেরুন রঙের বৃষ্টিতে কোন ভেজা পুঁইডগার লকলকে তরুণাভা থেকে উৎসারিত দেখে খুঁজে পাওয়া হলো যে শীর্ণ লতার বুকে এক বিরল কুসুম, দেখতে পারি না কখনও যার সৌরভ আমি বাতাসের উপর নির্ভর ক’রে দেখা হয় কেবল পাপড়ির রঙের গাঢ়ত্ব আর যন্ত্রণার মতো ফুটে থাকা বিস্ময়ের তারকারাজির মতো নির্মোহ, নিষ্পলক আনন্দআলোয় ঘেরা শূন্যতার কোলে যে ফিরে আসে যে চলে যায় তার মতো দেখতে দেখতে হারিয়ে গেলে পরে আরও দেখা হয় না দেখার মধ্যে দাঁড়িয়ে প’ড়ে এসে না দেখার সময় ঘুমিয়ে পড়ার জন্যে কান্না শুরু করে!

শুভ্র 

শুভ্র, লুকিয়ে সর্বদা বুকের সন্নিকটে। যে কালো আরাধ্য নয়, তার মাঝেই একাকার কতক ভোরে ও সন্ধ্যায় যতো আলোকের প্রত্যয়রেখা ফুটে থাকে আকাশে তা, তাদের; খুঁজেও দেখা পাওয়া হয়নি যাদের গন্তব্য, ফলে, শূন্যতার দিকে ফিরে চলে যাওয়া কেবলি অনুক্ষণ। যে শূন্যতা থেকেই যাত্রা শুরু হয়ে একদা গন্দমের আঘ্রাণ ছুঁয়েছিলো এখানে বাড়ন্ত পাপেভরা জোড়াতনু পাতার আড়ালে সংগমরত দুটি সাপের বিতাড়ণের যন্ত্রণার দায় বইছে আজও আজীবন যে চরম পুলকের নিষিদ্ধ আস্বাদের মতোই শুভ্র লুকিয়ে ছোবলের শংকা!

  বিষয়:   আশরাফ  রোকন  কবিতা  সাহিত্য 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: