সারাদেশে যখন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উৎসব চলছে, ঠিক তখনই বিদেশের মাটিতে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন তরুণ জুডোকারা। নেপালের কাঠমান্ডুতে আয়োজিত আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় ঈদের দিনেই দুটি স্বর্ণসহ তিনটি পদক জিতেছে বাংলাদেশ।
শনিবার (২১ মার্চ) কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে ‘৮ম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়ানশিপ’-এর দ্বিতীয় দিনে বাংলাদেশের অ্যাথলেটরা এই সাফল্য পান।
নেপাল জুডো ফেডারেশনের আমন্ত্রণে বিকেএসপির ৬ জন জুডোকা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
বিকেএসপির সাবেক শিক্ষার্থী ও ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ পদক জয়ের এই বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজকে বাংলাদেশের ৪ জন খেলোয়াড় পদকের লড়াইয়ে কোর্টে নামেন। মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট ৫৩+ ওজন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন আজিজা আলেয়া লিয়ন।
এছাড়া বালক ক্যাডেট ৬২+ ইভেন্টে স্বর্ণ জেতেন উসাচিং মারমা বিজয়। দিনের শেষ ইভেন্ট ব্রোঞ্জ জিতেছে রেমি হাসি।
নেপাল ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত জাতীয় জুডো সংঘের আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপালসহ বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশগ্রহণ করছেন। আগামীকাল বাংলাদেশ দলের আরও দুইজন খেলোয়াড় পদকের লড়াইয়ে মাঠে নামবেন।
এফআর