দীর্ঘ ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, গতকাল বুধবার রাত ৯টায় হবিগঞ্জের মাধবপুর মনতলায় তেলবাহী ট্রেনের ছয়টি ওয়াগন লাইনচ্যুত হয়। খবর পেয়ে রাত ২টায় আখাউড়া ও ঢাকা থেকে উদ্ধারকারী দুটি ট্রেন ঘটনাস্থলে আসে। প্রায় ১৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে ৪টি ওয়াগন উদ্ধার করা হয়েছে। একটি ওয়াগন ব্রিজের নীচে ডোবায় পড়ে যাওয়ায় সেটি পরে উদ্ধার করা হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুর্ঘটনার পর ইতোমধ্যে উপবন এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস এবং পারাবত এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে এসে ভিড় করে। এসময় ওয়াগন থেকে পড়ে যাওয়া বিপুল পরিমাণ তেল লুট করে নিয়ে যায় অনেকে। অবস্থার অবনতি হলে ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সার্বক্ষণিক ঘটনাস্থলে ছিল।
বিভাগীয় রেল ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান জানান, ঘটনার কারণ তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট প্রদান করবে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফআর