উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে আরও উন্নত আর ত্রুটিমুক্ত করতে মাইক্রোসফট নিয়মিত ‘প্রিভিউ আপডেট’ প্রকাশ করে। কিন্তু এবারের ‘কেবি৫০৭৯৩৯১’ নামের আপডেটটি ব্যবহারকারীদের জন্য সুবিধার চেয়ে বিড়ম্বনাই বেশি বয়ে এনেছে। কারিগরি ত্রুটির কারণে মাইক্রোসফট আপাতত এর রোলআউট বা বিতরণ স্থগিত রেখেছে।
কী ছিল এই বিশেষ আপডেটে
উইন্ডোজ ১১-এর ২৪এইচ২ ও ২৫এইচ২ সংস্করণের জন্য এই ‘অপশনাল কিউমিলিটিভ আপডেট’ উন্মুক্ত করা হয়েছিল। এতে মোট ২৯টি বড় পরিবর্তন আর উন্নয়নের কথা বলা হয়েছিল। বিশেষ করে ‘স্মার্ট অ্যাপ কন্ট্রোল’ এবং ডিসপ্লের মানোন্নয়ন ছিল এই আপডেটের প্রধান আকর্ষণ।কিন্তু দুর্ভাগ্যবশত ব্যবহারকারীদের একটি বড় অংশ এটি সফলভাবে ইনস্টলই করতে পারছিলেন না। বিভ্রান্তি বাড়িয়েছে ‘০এক্স৮০০৭৩৭১২’ ত্রুটি কোড আপডেটটি ইনস্টল করতে গিয়ে ব্যবহারকারীরা অদ্ভুত এক অভিজ্ঞতার সম্মুখীন হন।
স্ক্রিনে বারবার একটি সতর্কবার্তা ভেসে উঠছিল- ‘আপডেট করা কিছু ফাইল অনুপস্থিত অথবা ত্রুটিপূর্ণ’। এর সঙ্গে প্রদর্শিত হচ্ছিল ‘০এক্স৮০০৭৩৭১২’ নামের একটি ত্রুটি কোড। স্বাভাবিকভাবেই সাধারণ ব্যবহারকারীদের মধ্যে এটি নিয়ে ব্যাপক বিভ্রান্তি ও ভয়ের সৃষ্টি হয়।
সমাধান কবে
মাইক্রোসফট সমস্যার কথা স্বীকার করলেও এটি পুরোপুরি সমাধানের জন্য কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, আগামী ১৪ এপ্রিল নির্ধারিত মাসিক ‘প্যাচ টিউসডে’ আপডেট আসার আগেই একটি নতুন সংশোধন বা ফিক্স প্রকাশ করা হতে পারে। এতে করে চূড়ান্ত সংস্করণের আগে ব্যবহারকারীরা ফিচারগুলো নিরুপদ্রবে পরীক্ষা করার সুযোগ পাবেন।
উইন্ডোজের এই বিভ্রাট অবশ্য এবারই প্রথম নয়। মাত্র গত মাসেই মাইক্রোসফটের আরেকটি আপডেট বড় ধরনের সমস্যার সৃষ্টি করেছিল। সে সময় মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন-ইন করতে গিয়ে বিপাকে পড়েছিলেন লক্ষাধিক ব্যবহারকারী। টিমস, এজ ব্রাউজার, এমনকি মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট এবং ওয়ানড্রাইভের মতো জরুরি সেবাগুলোও স্থবির হয়ে পড়েছিল। সেই ধাক্কা সামলাতে সেবার জরুরি ভিত্তিতে নতুন একটি আপডেট আনতে হয়েছিল মাইক্রোসফটকে।
উইন্ডোজের মতো বিশাল প্ল্যাটফর্মে নতুন কিছু যুক্ত করতে গেলে কারিগরি জটিলতা আসাটা অস্বাভাবিক নয়। তবে বারবার আপডেটে ত্রুটি দেখা দেওয়ায় ব্যবহারকারীদের মনে এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে। আপাতত মাইক্রোসফটের পরামর্শ- পরবর্তী ঘোষণা বা সংশোধনী না আসা পর্যন্ত এই নির্দিষ্ট প্রিভিউ আপডেটটি ম্যানুয়ালি ইনস্টল করার চেষ্টা না করাই বুদ্ধিমানের কাজ হবে।
সময়ের আলো/আআ