সংগৃহীত ছবিনওগাঁর মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ-গোপিনাথপুর বাজার এলাকায় আত্রাই নদীর ওপর প্রায় সাড়ে ৩০ কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুটির কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় গত এক বছরেও চালু করা সম্ভব হয়নি সেটি। ফলে সেতুর কোনো সুফলই মিলছে না স্থানীয় বাসিন্দাদের। বাধ্য হয়ে নদী পারাপারে স্থানীয় বাসিন্দাদের ব্যবহার করতে হচ্ছে বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকোই তাদের চলাচলের একমাত্র ভরসা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সেতুর পূর্ব পাশে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে সেতুর কাজ সম্পন্ন হলেও সংযোগ সড়কের কাজ ঝুলে আছে। এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে নওগাঁ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা বলেন, জমি অধিগ্রহণ জটিলতায় সেতুর সংযোগ সড়কের কাজটি থেমে আছে। এ কারণে চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া সম্ভব হচ্ছে না। যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধান করে সেতুটি চলাচলের উপযোগী করা হবে বলেও আশ্বাস প্রদান করেন নওগাঁ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা।
জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল মজিদ বলেন, অনেক আগেই আমাদের ব্রিজের কাজ শেষ হয়েছে। তবে ব্রিজের পূর্বপাশে ভূমি জটিলতায় সংযোগ সড়কের কাজ বন্ধ রয়েছে। এ কারণে ব্রিজটি দিয়ে চলাচল বন্ধ রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলেও জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল মজিদ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সূত্রে জানা যায়, নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদের শিবগঞ্জ-গোপিনাথপুর বাজার এলাকায় ২৫৯ মিটার দৈর্ঘ্যরে সেতুটির কাজ শুরু হয় ২০২১ সালের মার্চ মাসে। সেতুটি নির্মাণের ব্যয় ধরা হয় ৩০ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার টাকা। কাজ পায় ঢাকার দিলকুশার ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান।
কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের আগস্ট মাসে। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় পরবর্তী সময়ে মেয়াদ বাড়িয়ে সময় বৃদ্ধি করা হয়। স্থানীয়দের অভিযোগ, মেয়াদ বাড়ানোর পর সেতুর কাজ শেষ হলেও এখন পর্যন্ত তা এলাকাবাসীর কোনো উপকারে আসেনি। কারণ সেতুর কাজ সম্পন্ন হলেও সংযোগ সড়কের কাজ আজ অবধি ঝুলে আছে। সংযোগ সড়কের অভাবে এক বছরেও সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হয়নি।
সরেজমিন কথা হয় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তাদের সঙ্গে আলাপকালে তারা জানান, সেতুটির নির্মাণ এলাকার পূর্বপাশে উত্তরগ্রাম ইউনিয়ন এবং পশ্চিম পাশে চান্দাশ ইউনিয়ন। উপজেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণে আত্রাই নদীর পূর্ব পাশে শিবগঞ্জ বাজার এবং পশ্চিমপাশে গোপিনাথপুরে ছোট বাজারে একটি খেয়াঘাট রয়েছে। শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো এবং বর্ষায় নৌকা দিয়ে পারাপার হতে হয় জেলার মান্দা, পত্নীতলা এবং পোরশা উপজেলার বাসিন্দাদের।
প্রতিদিন এই খেয়াঘাট দিয়ে শিক্ষার্থীসহ অন্তত ৪ থেকে ৫ হাজার মানুষ পারাপার হয়। শুষ্ক মৌসুমে তেমন ঝুঁকি না থাকলেও বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হয় শিক্ষার্থীসহ অন্তত ৪ থেকে ৫ হাজার মানুষকে। মূলত এলাকাবাসীকে এই দুর্ভোগ থেকে রেহাই দিতেই আত্রাই নদীর ওপর সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী সেতুর নির্মাণকাজও শেষ করা হয়। কিন্তু এখন পর্যন্ত সংযোগ সড়কের কোনো খবর নেই।
গত এক বছর ধরে সেতুর দুই প্রান্তেই প্রবেশমুখ বেড়া দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। এ কারণে বাঁশের সাঁকো দিয়েই পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। কাঞ্চন গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, গত প্রায় ৫০ বছর থেকে এ খেয়াঘাট দিয়ে কখনো নৌকায় আবার কখনো বাঁশের সাঁকোতে পারাপার হতে হয়। একটি ব্রিজ নির্মাণ হয়েছে ঠিকই, কিন্তু আমরা এখনও চলাচল করতে পারছি না সেই ব্রিজ দিয়ে। বাধ্য হয়ে বাঁশের সাঁকো পার হতে হচ্ছে। ব্রিজটি চালু হওয়ার প্রতীক্ষায় অধীর আগ্রহে দিন গুণছি আমরা। ব্রিজটি চলাচলের জন্য খুলে দেওয়া হলে আমাদের যোগাযোগব্যবস্থা অনেক সহজ হয়ে যাবে।
খেয়াঘাটের মালিক বিদ্যুৎ হোসেন বলেন, এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ পারাপার হয়। এই স্থানে একটি ব্রিজ হবে আমাদের দীর্ঘদিনের দাবি ছিলো। অবশেষে ব্রিজ নির্মাণ হয়েছে। কিন্তু এখনও চলাচলের উপযোগী হয়নি। মান্দার সতিহাট গ্রামের বাসিন্দা আক্কাস আলী বলেন, মেয়েকে বিয়ে দেওয়ার সুবাদে এই খেয়াঘাট দিয়ে গত প্রায় ২০ বছর থেকে চলাচল করতে হচ্ছে। জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত সেতুটি সড়কের সঙ্গে সংযোগ করে চলাচলের উপযোগী করে দেওয়া জরুরি।
কথা হয় গোপিনাথপুর গ্রামের বাসিন্দা সালমান ফারসির সঙ্গে। এ সময় তিনি বলেন, বর্ষা মৌসুমে নদী পার হতে নৌকার জন্য ৩০ মিনিটের মতো অপেক্ষা করতে হয়। নদী পার হয়ে ওপারে ছেলে-মেয়েদের পড়ালেখা করাটা বেশ কষ্টকর হয়ে পড়েছে। গোপিনাথপুর গ্রামের বাসিন্দা সালমান ফারসি আরও বলেন, বর্ষার সময় নদীতে ভরপুর পানি থাকলে নৌকা পারাপারে আরও ভয়াবহ অবস্থা হয়। সেতুটি যদি তাড়াতাড়ি চালু হতো তা হলে সবার জন্যই সুবিধা হতো এবং আমাদের দীর্ঘদিনের দুংখ-কষ্ট দূর হতো।
সময়ের আলো/আআ