এ প্রজন্মের অন্যতম আলোচিত সংগীতশিল্পী শেখ সাদী প্রথমবারের মতো অভিনয় করলেন নাটকে। ‘শহরের নতুন অতিথি’ নামের একক নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি রচনা করেছেন রাশিদুর রহমান।
গল্প ও পরিচালনায় গৌতম কৈরী। নাটকে শেখ সাদী অভিনয় করেছেন হিমেল চরিত্রে এবং মাহি অভিনয় করেছেন মাহিরা চরিত্রে। এর মধ্যে নাটকটি বিগ সিটি ড্রামা নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।
নাটকে অভিনয় প্রসঙ্গে শেখ সাদী বলেন, এটা আমার প্রথম নাটক, তাই প্রথম দিকে একটু নার্ভাস ছিলাম। তবে কাজটা শুরু করার পর আমার সহশিল্পী মাহি, পরিচালক গৌতম কৈরীসহ সবার আন্তরিক সহযোগিতায় নার্ভাসনেস কাটতে সময় লাগেনি। প্রথম অভিনয় করলাম, নিঃসন্দেহে খুব ভালো লাগছে। এই নাটকের গল্প আর চরিত্রটি আমার ভালো লেগেছে।
দর্শকদের ভালো লাগলে হয়তো আবারও অভিনয় করব। তবে নিয়মিত নয়, বিশেষ দিবসে, বিশেষ উপলক্ষে হয়তো অভিনয় করব। যদিও এর আগে একটি সিনেমার কাজ শুরু করেছিলাম। কিন্তু তখন নিজেকে প্রস্তুত মনে হয়নি। তাই সরে এসেছি। এখন অভিনয়ের জন্য নিজেকে গুছিয়ে নিয়েছি।
এদিকে সামিরা খান মাহি সাদীর সঙ্গে অভিনয় প্রসঙ্গে বলেন, সাদী খুব ভালো করেছে এই নাটকে। সে যখন প্রথম দৃশ্যের অভিনয় করছিল, দেখেই আমার খুব ভালো লেগেছে। সংলাপ ভুল করেনি, অভিনয়টাও ছিল সাবলীল। সাদীকে বলেছি অন্তত বিশেষ দিবসে হলেও যেন অভিনয়টা করে।
সময়ের আলো/কেএইচও