রাজশাহীতে তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না থাকা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ার অভিযোগে একটি পেট্রোল পাম্পকে দুই লাখ জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জেলার পবা উপজেলার দারুশা কর্ণহার এলাকায় অবস্থিত ‘মতিউর ফিলিং স্টেশন’-এ অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে পাম্পটির কার্যক্রমে ব্যাপক বিশৃঙ্খলা ও বেশ কিছু গুরুতর অনিয়ম ধরা পড়ে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান বলেন, পাম্প কর্তৃপক্ষ কোনো প্রকার প্রত্যয়ন ছাড়াই তেল বিক্রি করছিল। তেল নেওয়ার পর ভোক্তাদের রিসিট দেওয়া হয়নি। এছাড়া তাদের কাছে প্রয়োজনীয় তথ্যের কোনো আপডেট নেই।
অনিয়মগুলোর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, পাম্প কর্তৃপক্ষ যে পরিমাণ তেলের মজুত দেখাচ্ছে, বাস্তবে সেটি চেক বা যাচাই করার মতো কোনো ব্যবস্থা সেখানে নেই। সার্বিক দিক বিবেচনা করে এবং এসব অপরাধ আমলে নিয়ে ওই পেট্রোল পাম্পটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় প্রশাসনের মনিটরিং অফিসার এবং র্যাব-৫ ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন।
এফআর