ঢালিউডের চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমা। রুপালি পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের বাড়তি উন্মাদনা। বর্ণাঢ্য ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন অনেক কিছুই। সেই অনন্য অর্জনের মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পাওয়া এক চিঠি। যাতে সুন্দর অভিনয়ের জন্য শুভেচ্ছা বার্তা ছিল তার জন্য।
পূর্ণিমার জীবনের এসব অজানা অনেক গল্প তিনি শেয়ার করেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে। আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে পূর্ণিমা জানান, ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে তাকে শুভেচ্ছাস্বরূপ চিঠি দিয়েছিলেন তারেক রহমান। স্মরণীয় সেই চিঠি নিয়ে পূর্ণিমা বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সে সময় চিঠিতে ‘মনের মাঝে তুমি’র সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন।
তিনি লিখেছিলেন, এরকম সিনেমা নিয়মিতভাবেই নির্মাণ হওয়া উচিত। আমরা যেন আমাদের ভালো কাজের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারি, সেই কামনাও ব্যক্ত করেছিলেন তিনি। তার এই উদারতা আমাদের সিনেমা-সংশ্লিষ্ট সবাইকে মুগ্ধ করেছিল। পূর্ণিমা বলেন, ‘তখন তো সামাজিকমাধ্যমের যুগ ছিল না। সে সময় আমার মা পরিচিত সাংবাদিকদের চিঠিটি দেখিয়েছিলেন।’
আরও পড়ুন
পডকাস্টে পূর্ণিমা অকপটে স্বীকার করেছেন, রায়হান রাফী পরিচালিত ‘দহন’ এবং ‘প্রেশার কুকার’ সিনেমায় তিনি প্রস্তাব পেয়েছিলেন। এমনকি ‘দহন’ সিনেমায় সাইনও করেছিলেন তিনি। কেন তিনি এই দুটি সিনেমায় পরবর্তীতে অভিনয় করেননি, সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন পডকাস্টে। পূর্ণিমার ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘এ জীবন তোমার আমার’-এর নায়িকা হিসেবে পূর্ণিমা পরিচালক জাকির হোসেন রাজুর প্রথম পছন্দ ছিল না। কোন জনপ্রিয় নায়িকার স্থলাভিষিক্ত হয়ে নায়িকা জীবন শুরু করেছেন পূর্ণিমা, সেই সিক্রেটটিও জানিয়েছেন তিনি। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
চাহিদা থাকার পরও সিনেমায় অনিয়মিত পূর্ণিমা। দীর্ঘ বিরতির পর দুই বছর আগে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘আহারে জীবন’। ছটকু আহমেদ পরিচালিত এই সিনেমায় তার নায়ক ফেরদৌস। এরপর প্রেক্ষাগৃহে আসেনি পূর্ণিমার কোনো নতুন সিনেমা। তবে মুক্তির অপেক্ষায় আছে ‘গাঙচিল’ ও ‘জ্যাম’। দুটি সিনেমাই পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। বর্তমানে সংসার জীবন নিয়ে ব্যস্ত আছেন পূর্ণিমা। মাঝে মধ্যে দেখা মেলে দুয়েকটি অনুষ্ঠানে। সম্প্রতি সিমরা খানের সঞ্চালনায় একটি বিশেষ পডকাস্টে অংশ নিয়েছিলেন তিনি।
এএডি/