নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গানের শিরোনাম ‘এত ভালোবাসো কীভাবে’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ সেন।
স্নেহাশীষ ঘোষের কথা ও সুরে ঈদুল আজহা উপলক্ষে গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে অনুপম মিউজিক থেকে। এর আগে আকাশ সেনের সুরে ন্যান্সির গান প্রকাশিত হলেও এটাই তাদের প্রথম ‘ডুয়েট’।
গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, আকাশ সেনের সুর করা গান এর আগে গাইলেও দ্বৈত গান এবারই প্রথম। নিটোল প্রেমের অনুভূতি মিশে আছে গানের কথা ও সুরে। সব মিলিয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।
আরও পড়ুন
আকাশ সেন বলেন, ন্যান্সি আমার খুবই প্রিয় একজন কণ্ঠশিল্পী। তার গায়কি আমার ভীষণ পছন্দ। আমাদের এ গানটির কথা ও সুর যে রকম হয়েছে, তাতে আমি মনে করি আমাদের শুরুটা একটু দেরিতে হলেও এটি একটি মনে রাখার মতো গান হতে যাচ্ছে।
গানের গীতিকার ও সুরকার স্নেহাশীষ ঘোষ বলেন, ন্যান্সি আপুর জন্য প্রায় ৩০টি গান লিখেছি- যার মধ্যে আছে ডানাকাটা পরী, ভালো আছি ভালোবেসে, নাম কী তোমার, ঠিক-বেঠিক, ভালোবাসি অকারণের মতো গান। যেগুলো শ্রোতারা ভালোবেসে গ্রহণ করেছিল। প্রায় ৯ বছর পর তার জন্য নতুন গান লিখেছি ও সুরও করেছি। গানটি অনুপম মিউজিক থেকে ঈদুল আজহায় প্রকাশিত হবে, যোগ করেন স্নেহাশীষ।
এএডি/