দেশের প্রখ্যাত অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদ। চার দশকেরও বেশি সময় ধরে শোবিজে কাজ করে যাচ্ছেন তিনি। গত ৫ মার্চ ছিল এই তারকার ৬০তম জন্মদিন। এ উপলক্ষে তাকে নিয়ে এক ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করেছে ‘সুহৃদ’।
তৌকীর আহমেদের কর্ম ও সৃজনকে স্মরণ ও শ্রদ্ধায় ভরিয়ে দিতে অনুষ্ঠিত হবে ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’। এ উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আজ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আয়োজনে থাকছে বিশেষ একটি সেমিনার।
‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শিরোনামে এ সেমিনারে অংশ নেবেন সংস্কৃতি অঙ্গনের নির্মাতা, শিল্পী ও সংগঠকরা। সেমিনার উপলক্ষে তৌকীর আহমেদের সিনেমা নিয়ে লিখেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, তার নির্দেশিত মঞ্চনাটক নিয়ে লিখেছেন মাসুম রেজা এবং টেলিভিশনে তার সৃজনকর্ম নিয়ে লিখেছেন রুম্মান রশীদ খান।
সেমিনারটি অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে। অন্যদিকে একাডেমির মূল হলে প্রদর্শিত হবে তৌকীর আহমেদ নির্মিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। সন্ধ্যায় মঞ্চস্থ হবে তৌকীর আহমেদ নির্দেশিত ও অভিনীত মঞ্চনাটক ‘তীর্থযাত্রী’।
এই আয়োজনের অনুষ্ঠান উৎযাপন পরিষদের আহ্বায়ক অভিনেতা আহসান হাবিব নাসিম বলেন, ‘তৌকীর আহমেদের বহুমাত্রিক সৃজন ও কর্মকে স্মরণ করতে চাই আমরা। এ লক্ষ্যে আমরা তার বন্ধুরা সবাই মিলে এ উদ্যোগ গ্রহণ করেছি।’ সকাল ৯টা থেকে শুরু হয়ে এ আয়োজন চলবে রাত ৯টা পর্যন্ত। এ আয়োজনে সহযোগিতা করছে অভিনয় শিল্পী সংঘ।
নিজেকে নিয়ে এমন আয়োজন প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, যেকোনো মানুষের জন্য তার কাজটাই আসল। যখন তার কাজগুলো নোটিস হয়, সেটি খুব অনুপ্রেরণামূলক। আমার কাজগুলো প্রদর্শিত হোক, মূল্যায়ন হোক বা সমালোচনা হোক- এটি সবসময় আনন্দের। এ রকম আয়োজন নিয়মিত হলে শিল্পীদের জন্য যেমন অনুপ্রেরণা হবে, তেমনি তাদের দায়বদ্ধতার জায়গাটা বাড়বে। এ ধরনের আয়োজন কোনো শিল্পীর দায়িত্ব বাড়িয়ে তোলে। এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাই সবাইকে।’
সময়ের আলো/আআ