পঞ্চগড় জেলার ৫০টি নদ-নদী নিয়ে তথ্যবহুল ও গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশের লক্ষ্যে দিনব্যাপী এক লেখক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) জেলা শহরের নজরুল পাঠাগারের ভাষা ও বিতর্ক ক্লাবের সেমিনার কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রাণ-প্রকৃতি, পরিবেশ এবং সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা ‘কারিগর’ এই ব্যতিক্রমী গবেষণা ও প্রকাশনার উদ্যোগ নিয়েছে। এমন উদ্যোগে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা পরিষদ সার্বিক সহযোগিতা প্রদান করছে।
অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন। কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট নদী ও ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিকী।
কর্মশালায় বক্তারা জানান, এই আয়োজনের মূল লক্ষ্য হলো পঞ্চগড়ের বিলুপ্তপ্রায় ও বহমান নদ-নদীগুলোকে সরেজমিনে চিহ্নিত করা এবং সেগুলোর ইতিহাস, ঐতিহ্য, মিথ ও অর্থনৈতিক অবদান তুলে ধরা। নদ-নদীর প্রভাবে এই জনপদের সভ্যতার বিবর্তন এবং নদীগুলো কেন সংকুচিত হচ্ছে, তার কারণ খুঁজে বের করে সেগুলো বাঁচিয়ে রাখার একটি সুনির্দিষ্ট রূপরেখা ও প্রস্তাবনা তৈরি করাই এই গবেষণার উদ্দেশ্য।
বক্তারা আরও বলেন, স্থানীয় লেখক ও গবেষকদের এই কর্মসূচিতে সম্পৃক্ত করার ফলে নদী রক্ষায় একটি সামাজিক দায়বদ্ধতা তৈরি হবে। তাদের সম্মিলিত কণ্ঠস্বর ও গবেষণালব্ধ তথ্য ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম, জেলা শিশু কর্মকর্তা আকতারুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম খায়ের এবং লেখক ও গবেষক শফিকুল ইসলাম।
দিনব্যাপী এই কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের কবি, লেখক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।