দক্ষিণী মহাতারকা কমল হাসানের কন্যা শ্রুতি হাসান বরাবরই স্পষ্টভাষী। কোনো অন্যায় বা অস্বস্তিকর পরিস্থিতি দেখলেই তিনি সপাটে জবাব দিতে দ্বিধা করেন না। এবার মুম্বাইয়ের রাজপথে পাপারাজ্জিদের ওপর মেজাজ হারিয়ে ফের আলোচনার কেন্দ্রে এলেন এই অভিনেত্রী। স্রেফ একটি সম্বোধনকে কেন্দ্র করেই রণচণ্ডী মূর্তি ধারণ করেন তিনি।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে বের হচ্ছিলেন শ্রুতি। তার দেখা পাওয়া মাত্রই ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে। এরই মাঝে এক ফটোগ্রাফার তাকে 'মাম্মা' বলে সম্বোধন করেন। আর এই একটি শব্দই যেন আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ ঘটায় শ্রুতির মধ্যে।
চটজলদি সেই ফটোগ্রাফারের দিকে তাকিয়ে কড়া স্বরে অভিনেত্রী প্রশ্ন করেন- ‘কে মাম্মা? আমি আপনার মা নাকি? কী আজেবাজে বলছেন?’
আরও পড়ুন
সাধারণত দক্ষিণ ভারতে ‘মাম্মা’ শব্দটি নারী জাতিকে শ্রদ্ধা বা স্নেহের জায়গা থেকে বলা হলেও, মুম্বাইয়ের রাস্তায় এমন সম্বোধন পছন্দ হয়নি শ্রুতির। তবে মেজাজ হারালেও পেশাদারিত্ব ভোলেননি তিনি। মুহূর্ত কয়েকের সেই অসন্তোষ ঝেড়ে ফেলে পরীক্ষণেই হাসিমুখে হাত নেড়ে গাড়িতে উঠে যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও এখন রীতিমতো ভাইরাল।
ব্যক্তিগত জীবনের এই ছোটখাটো ঝামেলার বাইরে ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন শ্রুতি হাসান। চল্লিশে পা রাখা শ্রুতি যেন বুঝিয়ে দিলেন, পর্দায় হোক বা পর্দার বাইরে- নিজের শর্তে চলতেই তিনি বেশি পছন্দ করেন।
এএডি/