হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (২০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সকে ইইউ-র দুজন কূটনীতিক এই তথ্য নিশ্চিত করেছেন। তাদের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি অবরুদ্ধ করার নেপথ্যে যারা রয়েছেন, তাদের সবাইকে এই তালিকার আওতায় আনা হবে।
একজন কূটনীতিক জানান, ইইউ রাষ্ট্রদূতদের মধ্যে এই বিষয়ে একটি ‘রাজনৈতিক ঐকমত্য’ হয়েছে। এর ফলে ইরানের ওপর আরোপিত বর্তমান নিষেধাজ্ঞার মানদণ্ড পরিবর্তন করা হবে। এখন থেকে হরমুজ প্রণালীতে ‘নেভিগেশন ফ্রিডম’ বা অবাধ জাহাজ চলাচলে যারা বাধা দেবে, তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে পারবে ইইউ।
প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় এক্সটারনাল অ্যাকশন সার্ভিস আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই নতুন নিষেধাজ্ঞার তালিকা প্রস্তুত করবে। গত জানুয়ারি মাসে ইইউ ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছিল এবং মার্চে মানবাধিকার লঙ্ঘনের দায়ে একাধিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই পদক্ষেপের ফলে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
/কহু