লেবাননে এক ইসরায়েলি সেনার যিশু খ্রিস্টের মূর্তি ভাঙার ভিডিও প্রকাশ পাওয়ার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন খোদ ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মার্কিন ডানপন্থীরাও। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমা চাইলেও যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থী মহলে ইসরায়েল-বিরোধী সমালোচনা এখন তুঙ্গে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লেবাননে অবস্থানরত এক ইসরায়েলি সেনা বড় হাতুড়ি দিয়ে যিশুর একটি মূর্তিতে আঘাত করছেন। এই ছবি ছড়িয়ে পড়ার পর ট্রাম্পের সমর্থক ও রিপাবলিকান নেত্রী মারজোরি টেলর গ্রিন কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমাদের তথাকথিত ‘সেরা মিত্র’ প্রতি বছর বিলিয়ন বিলিয়ন করের টাকা এবং অস্ত্র নিচ্ছে আমাদের থেকেই।
একই সুরে কথা বলেছেন জনপ্রিয় ডানপন্থী ভাষ্যকার টাকার কার্লসন। তিনি এক মন্তব্যে বলেন, মার্কিন করপোরেট গণমাধ্যম দেখলে আপনি হয়তো টেরই পাবেন না, কিন্তু এ ধরনের ঘটনা মোটেও বিরল নয়।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন নিয়ে আগে থেকেই মার্কিন রাজনীতির অন্দরমহলে যে অসন্তোষ দানা বাঁধছিল, এই ঘটনা তাতে নতুন করে ঘি ঢেলে দিল। বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে পবিত্র এই প্রতীকের অবমাননা ট্রাম্পের রক্ষণশীল মিত্রদের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের ফাটলকে আরও স্পষ্ট করে তুলল।
/কহু