গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেছেন, ‘সরকার নতুন করে টাকা ছাপানো শুরু করেছে। মার্চ মাসেই বাংলাদেশ ব্যাংক থেকে ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। এটি হাইপাওয়ার মানি, ছাপানো টাকা। অর্থাৎ এটির প্রভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে।’
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর বনানীতে পিআরআইয়ের নিজস্ব কার্যালয়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে আশিকুর রহমান আরও বলেন, ‘আমরা সংস্কার থেকে পিছিয়ে গেলে সেটি আত্মঘাতী হবে। আশা করছি সরকার ব্যাংক রেজল্যুশন পর্যালোচনা করবে। সংস্কার থেকে পিছিয়ে এসে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিষয়ে অপ্রয়োজনীয় টেনশন সৃষ্টি করেছে।’
‘ম্যাক্রোইকোনমিক ইনসাইটস: বাণিজ্য ও প্রবৃদ্ধির জন্য পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতি’ শীর্ষক অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত
মাহবুবুর রহমান বলেন, বিনিয়োগ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে এখনই দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। তারা গ্যাস-বিদ্যুৎ পাবেন কি না সেই চিন্তা করছেন। সরকার ও ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে হবে।
জাইদি সাত্তার বলেন, সব জিনিসের দামের ওপরে জ্বালানির প্রভাব রয়েছে। হরমুজ ইস্যুতে বৈশ্বিক অর্থনীতিতেই চাপ পড়ছে। তাই নির্বাচিত সরকারকে বড় সংস্কারের দিকে যেতে হবে।