ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি করপোরেট দুনিয়ায়ও বিচরণ রয়েছে তার। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। এবার আরও একটি নতুন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন এ অভিনেত্রী। সম্প্রতি ছুটি রিসোর্টের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। পূর্বাচলে অবস্থিত এই রিসোর্টে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মিম ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিদ্যা সিনহা সাহা মিম বলেন, ‘ছুটি গ্রুপের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। বাংলাদেশের পর্যটন খাতে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতি, আতিথেয়তা ও অর্থবহ ভ্রমণ অভিজ্ঞতা- এই তিনের সমন্বয়ে তারা যে কাজ করছে, তার অংশ হতে পেরে আমি আনন্দিত এবং তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।’
এ সময় ছুটি গ্রুপের চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী বলেন, ‘বিদ্যা সিনহা মিমকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছুটি রিসোর্ট পূর্বাচলের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফেরদৌস, ছুটি রিসোর্ট পুবাইল ও ছুটি ফরেস্ট ঈগল রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর সামসুল ইসলাম মাসুদ এবং ছুটি বিচ রিসোর্ট, সালতানাত টি রিসোর্ট ও সালতানাত হাইওয়ে ভিলেজের ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল।
এদিকে বিদ্যা সিনহা মিম শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেও অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি কাজী আজাদের পরিচালনায় ‘লাইফ লাইন’ শিরোনামের ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন মিম। মিম জানান, ‘লাইফ লাইন’ মূলত একটি নারীর জীবনযাপনের গল্প।
অন্যদিকে আলভী আহমেদের পরিচালনায় ‘জীবন অপেরা’ নামের আরও একটি নতুন সিনেমার কাজ শুরু করেছেন মিম। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে মিমের ‘মালিক’ সিনেমা। সাইফ চন্দন পরিচালিত সিনেমায় তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। মুক্তির অপেক্ষায় আছে মিমের আরেক সিনেমা ‘যাপিক জীবন’।
সময়ের আলো/আআ