
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে সম্প্রতি যোগ হয়েছে নতুন এক মাত্রা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পরিণত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক জটিল কূটনৈতিক নাটকের মঞ্চে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদ সফর শেষে দেশে ফিরেছেন। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে। কিন্তু সরাসরি আলোচনা অনিশ্চয়তার মুখেই রয়ে গেছে।
শুক্রবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার এই সফর ছিল বহু প্রতীক্ষিত। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ইরানি সূত্র জানিয়েছে, আরাগচি পাকিস্তানি নেতাদের কাছে যুদ্ধবিরতির জন্য তেহরানের দাবির একটি আনুষ্ঠানিক তালিকা হস্তান্তর করে মার্কিন প্রতিনিধিরা আসার আগেই ইসলামাবাদ ছেড়েছেন।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এ অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বৈরিতার প্রেক্ষাপটে ইসলামাবাদের এই ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানি মধ্যস্থতাকারীরা ইরান-মার্কিন আলোচনার বিষয়ে ‘সতর্কতার সঙ্গে আশাবাদী’।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, মার্কিন প্রতিনিধি দলে থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। শনিবার তাদের পাকিস্তানে পৌঁছানোর কথা। লেভিট আরও দাবি করেন যে ইরান এখন সরাসরি আলোচনায় ‘আগ্রহী’। তখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই ইরানের।
তিনি বলেন, ‘আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই। ইরানের পর্যবেক্ষণগুলো পাকিস্তানকে জানিয়ে দেওয়া হবে।’ আরাগচি সেটিই করেছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এবিসি নিউজ পাকিস্তানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানিয়েছে, মার্কিন ও ইরানি প্রতিনিধিরা আলাদাভাবে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। যদি সেই আলোচনা সফল হয়, তবেই রোববার সরাসরি বৈঠক হতে পারে। কিন্তু আরাগচি ইতিমধ্যে ইসলামাবাদ ছেড়েছেন- যা সেই সম্ভাবনাকে দুর্বল করে দিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, সংঘাত নিরসনে ইসলামাবাদ কেবল একটি ‘সেতুবন্ধন’ হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ তেহরান সরাসরি আলোচনার চেয়ে মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদান-প্রদানকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এই পদ্ধতি ইরানের জন্য নতুন নয়। অতীতেও ওমান, কাতার বা ইরাকের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা করেছে তেহরান।
বিশেষ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে পূর্ববর্তী আলোচনায় ওমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমানে আরাগচির সফরসূচিতে ওমান ও রাশিয়াও রয়েছে যা ইঙ্গিত দেয় যে তেহরান একাধিক সমান্তরাল কূটনৈতিক পথে হাঁটছে।
আলোচনার এই আবহের মধ্যেই পর্দার আড়ালে যুদ্ধের প্রস্তুতিও চলছে। ইসরাইলি সংবাদমাধ্যম ‘কান’ এবং মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট মনিটর’-এর প্রতিবেদন বলছে, ইসরাইল পুনরায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য ট্রাম্পের ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় রয়েছে।
ইসরাইলি এক সূত্র হিব্রু চ্যানেলকে জানিয়েছে, ‘আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।’ এমনকি ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হত্যার হুমকিও দিয়েছে ইসরাইল। যুক্তরাষ্ট্রও মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। অতিরিক্ত এক স্কোয়াড্রন এফ/এ-১৮ যুদ্ধবিমান এবং আরও জ্বালানি সরবরাহকারী বিমান পাঠানো হয়েছে। পুরো অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা ও ইন্টারসেপ্টর মিসাইলগুলোকে সুবিধাজনক অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্তিশালী রাখতে ইরানও কম যাচ্ছে না। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি বড় অংশ এখনও ব্যবহার করা হয়নি। তিনি আরও দাবি করেন, ইরানের অস্ত্র উৎপাদন প্রক্রিয়া সারা দেশে ছড়িয়ে আছে এবং হাজার হাজার কোম্পানি এর সঙ্গে যুক্ত। কোনো নির্দিষ্ট স্থাপনা ধ্বংস করে এই উৎপাদন বন্ধ করা সম্ভব নয়। বর্তমানে দেশীয় প্রযুক্তিতে ১ হাজারেরও বেশি ধরনের অস্ত্র উৎপাদন করছে ইরান।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র বর্তমান যুদ্ধের চোরাবালি থেকে ‘মুখ বাঁচিয়ে’ বেরিয়ে আসার পথ খুঁজছে। এই বক্তব্য ইরানের আত্মবিশ্বাসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতি এক ধরনের অবজ্ঞাও বহন করে।
কূটনৈতিক ও সামরিক উত্তেজনার পাশাপাশি অর্থনৈতিক যুদ্ধও চলছে সমান তালে। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৪৪ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি লেনদেন স্থগিত করেছে।
ট্রাম্প প্রশাসনের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্ত সব ধরনের আর্থিক ‘লাইফলাইন’ বন্ধ করে দেওয়া হবে। ক্রিপ্টো মুদ্রা লেনদেন সহায়তাকারী প্রতিষ্ঠান ‘টেথার’ জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে তারা দুটি অ্যাকাউন্টে থাকা এই অর্থ ফ্রিজ করতে সহায়তা করেছে। যদিও ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই পদক্ষেপকে অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে ইরানের অর্থনীতি ইতিমধ্যেই নিষেধাজ্ঞায় জর্জরিত। ক্রিপ্টোকারেন্সি ইরানের জন্য বিদেশে অর্থ স্থানান্তরের একটি সম্ভাব্য পথ ছিল- এখন সেই পথও বন্ধ করে দিচ্ছে ওয়াশিংটন।
এই জটিল সমীকরণে তুরস্কও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইঙ্গিত দিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মাইন অপসারণ অভিযানে অংশ নিতে পারে তুরস্ক। ফিদান বলেন, বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত একটি কারিগরি দল এই কাজ করবে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, যদি এই জোট ভবিষ্যতে কোনো নতুন সংঘাতের পক্ষ হয়ে দাঁড়ায়, তা হলে তুরস্ক তাদের অংশগ্রহণ পুনর্মূল্যায়ন করবে।
ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ফিদান আশা প্রকাশ করেছেন যে পাকিস্তানের আলোচনায় দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান হতে পারে। তুরস্কের এই অবস্থান আঞ্চলিক শক্তি হিসেবে তাদের ক্রমবর্ধমান ভূমিকারই ইঙ্গিত দেয়।
আলোচনার এই জটিল প্রেক্ষাপটে ইসরাইল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। দক্ষিণ লেবাননের ইয়াহমোর আল-শাকিফ শহরে বিমান হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর সঙ্গে তিন সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানো হলেও লেবাননে তার বাহিনীর ‘পূর্ণ কর্মস্বাধীনতা’ রয়েছে। এই বিবৃতি উদ্বেগ বাড়াচ্ছে। যুদ্ধবিরতি সত্ত্বেও সংঘাত থামেনি, বরং নতুন করে প্রসারিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হিজবুল্লাহ ইরানের মিত্র, তাই এই ফ্রন্টের যেকোনো উত্তেজনা ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র ত্রিভুজাকার সম্পর্ককে আরও জটিল করে তুলবে।
বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে আসে। প্রথমত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগের অনুপস্থিতি স্পষ্ট। ইরান পরোক্ষ মধ্যস্থতা পছন্দ করলেও যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনার ওপর জোর দিচ্ছে। এই কাঠগোলায় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু আরাগচি মার্কিন প্রতিনিধি দল পৌঁছানোর আগেই ইসলামাবাদ ছেড়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে- আলোচনা কি আদৌ এগোচ্ছে?
দ্বিতীয়ত আলোচনার সমান্তরালে সামরিক প্রস্তুতি চলছে। ইসরাইল প্রকাশ্যে যুদ্ধের হুমকি দিচ্ছে, যুক্তরাষ্ট্র অঞ্চলে অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েন করছে, ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার কথা জানাচ্ছে। এটি একটি অত্যন্ত ভঙ্গুর পরিস্থিতি- যেকোনো ভুল পদক্ষেপ বড় সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।
তৃতীয়ত অর্থনৈতিক চাপ অব্যাহত আছে। ৩৪৪ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি ফ্রিজ করার ঘটনা দেখাচ্ছে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বাড়ানোর কোনো সুযোগ হাতছাড়া করতে চায় না। কিন্তু প্রশ্ন হলো- এই চাপ কি ইরানকে আলোচনায় আনে, নাকি আরও জেদি করে তোলে? চতুর্থত আঞ্চলিক অন্যান্য অভিনেতার ভূমিকা ক্রমশ বাড়ছে। তুরস্ক নিজেকে সম্ভাব্য মধ্যস্থতাকারী ও আঞ্চলিক নিরাপত্তা অংশীদার হিসেবে তুলে ধরছে। এটি একটি ইতিবাচক লক্ষণ- কারণ আঞ্চলিক শক্তিদের সম্পৃক্ততা ছাড়া এই সংকটের টেকসই সমাধান সম্ভব নয়।
ইসলামাবাদের এই কূটনৈতিক নাটক এখনও শেষ হয়নি। যদিও আরাগচি দেশে ফিরে গেছেন, পাকিস্তানের মধ্যস্থতা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রতিনিধি দল এখন পাকিস্তানে পৌঁছালেও তাদের কার সঙ্গে কথা বলার কথা সে প্রশ্ন উন্মুক্তই রইল।
ট্রাম্প প্রশাসনের প্রকাশ্যে কঠোর অবস্থান এবং গোপনে যুদ্ধ থামানোর মরিয়া প্রচেষ্টার মধ্যে যে ফারাক, ইসলামাবাদের এই উদ্যোগ তারই প্রমাণ। অন্যদিকে ইরানও নিজেদের অবস্থান থেকে সরে আসছে না। তারা চায় সম্মানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসতে, কিন্তু সেই সঙ্গে নিজেদের আঞ্চলিক স্বার্থ ও সম্মান ধরে রাখতে।
বিশ্লেষকরা বলছেন, আসন্ন দিনগুলোতে কয়েকটি বিষয় পর্যবেক্ষণে রাখা জরুরি। ইরানের ওমান ও রাশিয়া সফরের ফল কী হয়, ইসরাইল ট্রাম্পের কাছ থেকে ‘সবুজ সংকেত’ পায় কি না, হরমুজ প্রণালিতে তুরস্কের ভূমিকা কতটুকু বাস্তবায়িত হয় এবং সবশেষে পাকিস্তান কি সত্যিই দুই পরাশক্তির মধ্যে সেতুবন্ধন তৈরি করতে সক্ষম হবে।
বর্তমানে যেটুকু স্পষ্ট, তা হলো কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ হয়নি। তবে সেই দরজা দিয়ে কে কখন প্রবেশ করে, আর সেই প্রবেশের শর্ত কী সেই প্রশ্ন উন্মুক্ত। শান্তির সম্ভাবনা যেমন আছে, তেমনি যুদ্ধের আশঙ্কাও উজ্জ্বল। কূটনীতিকদের চেয়ে এখন হয়তো সেনাপতিরা বেশি সিদ্ধান্তহীনতায় ভুগছেন কারা কার হাতে মুখ বাঁচিয়ে বেরিয়ে আসার সুযোগ দেবে, সেই হিসাব মেলাতে গিয়ে।
ইসলামাবাদের সূর্যটা যেখানে অস্ত গেল, সেখান থেকেই আবার উদয় হবে কি আলোর কোনো সম্ভাবনা- নাকি অন্ধকারের ঘনঘটা সেদিকেই ইঙ্গিত করে, তা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্পষ্ট হবে। আপাতত ইরান-মার্কিন সম্পর্ক অত্যন্ত সংকটাপন্ন এক বিন্দুতে দাঁড়িয়ে যেখানে এক পা কূটনীতিতে, আরেক পা যুদ্ধের ময়দানে।
সময়ের আলো/আআ