ইউরোপে কর্মসংস্থানের খোঁজে গিয়ে বিভিন্ন জটিলতায় পড়ে অনিয়মিত হয়ে পড়া প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে রোমানিয়া। নতুন এক সরকারি সিদ্ধান্তের মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে অবৈধ অবস্থান থেকে বৈধ হওয়ার পথ খুলে দেওয়া হয়েছে, যা হাজারো বাংলাদেশি কর্মীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, রোমানিয়া সরকার একটি জরুরি অধ্যাদেশ জারি করে ‘অ্যামনেস্টি’ বা বিশেষ ক্ষমা কর্মসূচি চালু করেছে। ইতোমধ্যে সরকারি গেজেটে এ সংক্রান্ত বিস্তারিত প্রকাশ করা হয়েছে।
এই ব্যবস্থার আওতায় মূলত তারা সুযোগ পাবেন, যারা বৈধভাবে দেশটিতে প্রবেশ করলেও নানা কারণে পরে অনিয়মিত হয়ে পড়েছেন। বিশেষ করে, কাজের নিশ্চয়তা না পাওয়া, নিয়োগকর্তার অনিয়ম বা প্রশাসনিক জটিলতার কারণে যেসব কর্মী আইনি অবস্থান হারিয়েছেন, তাদের জন্যই এই উদ্যোগ।
আরও পড়ুন
নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট কর্মীদের রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে এর জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে- আবেদনকারীকে অবশ্যই নতুন কোনো বৈধ নিয়োগকর্তার অধীনে কাজের সুযোগ নিশ্চিত করতে হবে। এরপর ওয়ার্ক পারমিট নিয়ে আবাসনের বৈধ কাগজপত্রের জন্য আবেদন করা যাবে।
তবে এই সুযোগ সবার জন্য প্রযোজ্য নয়। যারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশ করেছেন কিংবা ইতোমধ্যে দেশত্যাগের নির্দেশ পেয়েছেন, তারা এই সুবিধার বাইরে থাকবেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দূতাবাস আরও জানিয়েছে, যেহেতু এটি নতুন একটি প্রক্রিয়া, তাই বাস্তবায়নের শুরুতে কিছু জটিলতা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা নিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সামগ্রিকভাবে, এই উদ্যোগকে প্রবাসী কর্মীদের জন্য একটি বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকা বহু বাংলাদেশি এখন বৈধতার সুযোগ পেয়ে নতুন করে কাজ ও বসবাসের স্থিতি ফিরে পেতে পারেন বলে আশা করা হচ্ছে।