নীলবাড়ির দখল প্রশ্নের মীমাংসা সোমবার

মুকুল বসু, কলকাতা

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ সোমবার। সকাল ৮টা থেকে রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রে খুলবে ইভিএমের বাক্স, মিলবে জনমতের ফলাফল।

2026-05-04T00:54:19+00:00
2026-05-04T00:54:19+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন
নীলবাড়ির দখল প্রশ্নের মীমাংসা সোমবার
মুকুল বসু, কলকাতা
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:৫৪ এএম 
সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ সোমবার। সকাল ৮টা থেকে রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রে খুলবে ইভিএমের বাক্স, মিলবে জনমতের ফলাফল। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বাংলার মানুষ যে রায় ব্যালটে বন্দি করেছেন, তা আজ গণনার মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাবে, মীমাংসা হবে নীলবাড়ির দখল প্রশ্নের। ২৯৪ আসনের বিধানসভার মধ্যে ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ থাকায় আজ গণনা হচ্ছে ২৯৩ আসনের ভোট। 

বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতার পর এই প্রথম এত স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সুনাম কুড়িয়েছে ২০২৬-এর নির্বাচন। ভোট গণনায় সেই ধারা অক্ষুণ্ন রাখতে জাতীয় নির্বাচন কমিশন প্রস্তুত রেখেছে কড়া নিরাপত্তা ও নজরদারির চাদর। প্রতিটি গণনাকেন্দ্রের একশ মিটারের মধ্যে জারি হয়েছে নিষেধাজ্ঞা। পুরো প্রক্রিয়া চলছে সিসি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে। সুরক্ষার জন্য রয়েছে তিন স্তরের ব্যবস্থা, তৎপর কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। 

কিউআর কোড যুক্ত পরিচয়পত্র ছাড়া প্রবেশাধিকার নেই। হিসাবরক্ষক ও রিটার্নিং অফিসার ছাড়া মোবাইল নিয়ে ভেতরে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। স্বচ্ছতা বজায় রাখতে কমিশন মোট ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে। বেশ কিছু বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা কক্ষ থাকায় সেখানে সহায়তার জন্য অতিরিক্ত গণনা পর্যবেক্ষক রাখা হয়েছে, আর আইনশৃঙ্খলার দায়িত্বে পুলিশ পর্যবেক্ষকরা থাকছেন।

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ২৯৪ আসনজুড়ে মোট ৪৩২ জন পর্যবেক্ষক বসছেন। সবচেয়ে বেশি ৪৯ জন উত্তর ২৪ পরগনার ৩৩ আসনে, আর সবচেয়ে কম আলিপুরদুয়ারে ৫ আসনে ৬ জন। ঠিক তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, সেখানকার ৩১ আসনে রয়েছেন ৪৫ পর্যবেক্ষক। কলকাতা উত্তর ও দক্ষিণের ১১ আসনে ১২, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের ১৬ আসনে ২৬, নদিয়ায় ১৭ আসনে ২৫, হাওড়ায় ১৬ আসনে ২৫, হুগলির ১৮ আসনে ২৪, বীরভূমে ১১ আসনে ১২, বাঁকুড়ায় ১২ আসনে ১৫, কোচবিহারে ৯ আসনে ১১, দক্ষিণ দিনাজপুরের ৬ আসনে ৭, দার্জিলিংয়ের ৫ আসনে ১০, মুর্শিদাবাদে ২২ আসনে ৩৩, পুরুলিয়ার ৯ আসনে ১৫, পশ্চিম বর্ধমানের ৯ আসনে ১৮ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।

গোটা বাংলার নজর আজ ফলের দিকে। আজই স্পষ্ট হবে আবার ফিরছে তৃণমূল, নাকি প্রথমবার বিজেপি দখল করছে বাংলার গদি। শুরুতে পোস্টাল ব্যালট গণনা শেষে ইভিএম খোলা হবে। গণনা শুরুর ৪ ঘণ্টার মধ্যেই, মানে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে প্রাথমিক চিত্র ফুটে উঠবে।

একাধিক রাউন্ডের গণনার প্রথম দিকের ফল দেখে কে এগিয়ে কে পিছিয়ে তার আভাস মিললেও নিশ্চিত করে বলা যায় না। কখনো কোনো প্রার্থী এক রাউন্ডে এগিয়ে থাকতে পারেন, পরের রাউন্ডে আবার অন্য কেউ উঠে আসতে পারেন। বিশেষজ্ঞদের মতে, দুপুর পেরিয়ে বিকাল বা কখনো সন্ধে গড়িয়ে তবেই পুরো ছবিটা পরিষ্কার হয়। কোথাও রি-কাউন্টিংও দীর্ঘায়িত করে ফল গণনা। তাই ফলের চূড়ান্ত পরিণতি জানতে অপেক্ষা বাড়তেই পারে।


  বিষয়:   নীলবাড়ি  মীমাংসা  পশ্চিমবঙ্গ  বিধানসভা নির্বাচন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: