নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ও মাদকবিরোধী অভিযানে চালায় র্যাব। এ সময় হামলা করে র্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র্যাবের দুই সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া গুরুতর আহত এস আই নজিবুলকে ঢাকায় পাঠানো হয়েছে।
খবর পেয়ে র্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান। পরে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
তবে এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে এখন পর্যন্ত সাংবাদিকদের কিছু জানানো হয়নি। পরে ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন র্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
/কেআই